চলচ্চিত্রে গান করছেন স্বাগতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী স্বাগতা এবার প্লেব্যাক করবেন। ছবির নাম সূচনা রেখার দিকে। সরকারের অনুদানে ছবিটি তৈরি করছেন আক্তারুজ্জামান। স্বাগতা জানান, এ মাসেই গানটির ধারণকাজ হবে। গানটি লিখেছেন আক্তারুজ্জামান, আর সুর ও সংগীত পরিচালনা করছেন শেখ সাদী খান।আক্তারুজ্জামান জানান, তাঁর এই ছবিতে গান থাকছে তিনটি। তবে সংখ্যাটা বাড়তেও পারে। তিনি বললেন, ‘স্বাগতা কিন্তু নিয়মিতই গানের চর্চা করে। ওর গান আমি শুনেছি। তাই ওকে দিয়ে একটা গান করানোর সিদ্ধান্ত নিয়েছি। কয়েক দিনের মধ্যেই গানটিতে ও কণ্ঠ দেবে।’ ছোট পর্দার শিল্পী স্বাগতা এর আগে মান্না ও মৌসুমীর সঙ্গে শত্রু শত্রু খেলা, সম্রাটের সঙ্গে রাজ্জাক পরিচালিত কোটি টাকার ফকির ও কাজী হায়াৎ পরিচালিত অশান্ত মন ছবিতে অভিনয় করেছেন। সূচনা রেখার দিকে স্বাগতার চতুর্থ ছবি। স্বাগতা বললেন, ‘আমি নীলুফার ইয়াসমীন, ফেরদৌস আরা, অনিল কুমার সাহাসহ আরও অনেকের কাছে গান শিখেছি। কিন্তু কখনো টিভি নাটক কিংবা চলচ্চিত্রে গান করা হয়নি। এবারই প্রথম সুযোগ পেলাম।’ আক্তারুজ্জামান সর্বশেষ ছবি তৈরি করেছিলেন ১৯৯৬ সালে। পোকামাকড়ের ঘরবসতি নামের ছবিটি ওই বছর সেরা ছবি, পরিচালক, কাহিনি ও চিত্রগ্রহণ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। আক্তারুজ্জামান বললেন, ‘ছবি তৈরির ইচ্ছা সব সময়ই ছিল, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। এবার সরকারের অনুদান পাওয়ায় সাহস করছি।’