চলচ্চিত্রে গান করলেন অদিতি মহসীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসীন এবারই প্রথম চলচ্চিত্রে গান করলেন। ছবির নাম ও আমার দেশের মাটি। পরিচালনা করবেন অনন্ত হিরা। এটি তাঁরও চলচ্চিত্রে প্রথম পরিচালনা। অদিতি জানালেন, ছবিতে তিনি গেয়েছেন একটি রবীন্দ্রসংগীত, ‘দুজনে দেখা হলো’। সম্প্রতি শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গানটির ধারণ কাজ হয়েছে। সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। বেশ কয়েক বছর আগে নওয়াজেশ আহমেদের ছিন্নপত্র তথ্যচিত্রে রবীন্দ্রসংগীত গেয়েছিলেন অদিতি।বললেন, ‘বাণিজ্যিক ছবিতে রবীন্দ্রসংগীত ব্যবহার করা হচ্ছে, ভাবতেই ভালো লাগছে। আর ভালো ছবি হলে চলচ্চিত্রে গান করতে আমার কোনো আপত্তি নেই।’ছবির জন্য অদিতি ‘দুজনে দেখা হলো’ গানটি দুভাবে গেয়েছেন—একটি স্বাভাবিক এবং অন্যটি কোনো যন্ত্রানুষঙ্গ ছাড়া। আরও জানালেন, এবার তিনি তিন কবির গান করেছেন—অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়। গত ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি কলকাতায় অ্যালবামটির কাজ হয়েছে। সংগীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। শিগগিরই বেঙ্গল ফাউন্ডেশন থেকে অ্যালবামটি বাজারে আসবে।এদিকে অনন্ত হিরা জানালেন, ও আমার দেশের মাটি ছবিতে একটি প্রেমের গল্পের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বদেশপ্রেম তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করবেন রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, তমালিকা, নূনা আফরোজ, শিশুশিল্পী ফসলসহ আরও অনেকে। ছবির শুটিং শুরু হবে ২৬ মার্চ। প্রথমে বিক্রমপুরের আবদুল্লাহপুর এবং পরে ঢাকার কোনাবাড়ীতে ছবির কাজ হবে। গানের দৃশ্যগুলো ধারণ করা হবে রাঙামাটি ও খাগড়াছড়িতে। ছবিতে আরও গান করেছেন বারী সিদ্দিকী, বিউটি, রাজীব ও মনির।