চলচ্চিত্রে চলতি বছরের অনুদান প্রক্রিয়া শুরু
ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১০ সালের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে এরই মধ্যে একটি চূড়ান্ত কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। জানা গেছে, এবার অনুদানের জন্য এরই মধ্যে চলচ্চিত্রকারেরা তাঁদের পাণ্ডুলিপি জমা দিয়েছেন। সেখান থেকে সাত সদস্যের বাছাই কমিটি তাদের কাজ শুরু করেছে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব বজলুর রহমান বলেছেন, ‘বাছাই কমিটির সদস্যরা বৈঠক করে তাঁদের চূড়ান্ত মতামত দেবেন। এর পরই আমরা ভালো পাণ্ডুলিপিগুলো সুপারিশসহ চূড়ান্ত কমিটির কাছে জমা দেব। চূড়ান্ত কমিটিতে আছেন ১১ জন সদস্য। তাঁরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, গতবারের কমিটির সদস্যদের মধ্যে এবার নতুন কয়েকজন অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন আসাদুজ্জামান নূর ও আলমগীর। কমিটিতে আরও থাকছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সারাহ বেগম কবরী, তথ্যসচিবসহ আরও অনেকেই।এ বছরও গত বছরের মতো মোট ছয়টি চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়া হতে পারে। এর মধ্যে দুটি শিশুতোষ চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়া হবে। তবে টাকার অঙ্ক বাড়ানো হবে কি না, সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।এদিকে ২০১০ সালের জন্য অনুদান দেওয়ার প্রস্তুতি চললেও আগের দুই বছরে অনুদান পাওয়া কোনো চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি। খোঁজ নিয়ে দেখা গেছে, এসব ছবির মধ্যে গত বছরের আগের বছর যে তিনটি চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছিল, তার মধ্যে দুটি ছবির কাজ শেষ হয়েছে। গত বছর যে ছয়টি চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্মাণাধীন। প্রথমে যে তিনটির জন্য অনুদান দেওয়া হয়েছিল, সেসব ছবি মুক্তির জন্য নির্ধারিত সময়সীমা এরই মধ্যে পার হয়ে গেছে।এ ব্যাপারে জানতে চাইলে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ বললেন, ‘মন্ত্রণালয় থেকে যেসব ছবিতে অনুদান দেওয়ার কথা বলা হয়, সেসব ছবিকে আমরা সহায়তা দিই। ছবিগুলো মুক্তি পেল কি না, তার দেখভাল করে মন্ত্রণালয়। এর বেশি কিছু আমার জানা নেই।’