চলচ্চিত্রে চৈতির অভিষেক, নায়ক রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মম, বিন্দু, বাঁধন ও মিমের পর এবার চলচ্চিত্রে অভিষেক ঘটছে ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ইশরাত জাহান চৈতির। চৈতির প্রথম ছবির নায়ক হচ্ছেন রিয়াজ। ছবির নাম মধুমতি। আর এ নিয়ে চৈতি বেশ উচ্ছ্বসিত । চৈতি বলেন, ‘এটি আমার প্রথম ছবি। শুটিংয়ের জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছে।মধুমতি চলচ্চিত্রের শুটিংয়ের আগ পর্যন্ত আমি কখনো নৌকা চালানো তো দূরের কথা, নৌকায়ও চড়িনি। অথচ আমাকে অনেক দিন ধরে নৌকা চালাতে হয়েছে। তাই খুবই ভালো লাগছে মুক্তির খবরটা শুনে। প্রহর গুনছি হলে গিয়ে ছবিটি দেখার।’চৈতি আরও বলেন, ‘বেশ কিছুদিন আগে ছবিটির শুটিং করেছি। পুরো এক বছর সময় লেগেছে। ছবিতে বাংলার ঋতুবৈচিত্র্যকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে।’গত শতকের ষাটের দশকে বাংলাদেশের তাঁতশিল্পে ক্রান্তিকাল চলছিল। যন্ত্রচালিত বস্ত্র কারখানার কাছে আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছিল হস্তচালিত তাঁত। এ সময় তাঁতি সম্প্রদায়ের বিশ্ববিদ্যালয়-পড়ুয়া দুই যুবক-যুবতী আনোয়ার ও মিনারা গ্রামে ফিরে তাঁতিদের সহযোগিতায় মনোযোগ দেয়। মিনারা তাদের সচেতন করার চেষ্টা করে। অন্যদিকে আনোয়ার প্রতিষ্ঠা করে সমবায় সমিতি। আর তাঁতিরা স্বপ্ন দেখে নতুন করে বাঁচার। স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় অসাধু লোকজন। তাঁতিদের স্বপ্ন পূরণের গল্প নিয়েই নির্মিত হয়েছে মধুমতি চলচ্চিত্রটি । পয়লা বৈশাখে বেলা দুইটা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারের মধ্য দিয়ে মধুমতির বিশ্ব প্রদর্শনী হবে। অনুদানপ্রাপ্ত এ ছবিটি প্রযোজনা করছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস মধুমতি অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন শাহজাহান চৌধুরী। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুফিয়া চৌধুরী।চৈতি ছাড়াও এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রিয়াজ, শহিদুল আলম সাচ্চু, সাবেরী আলম, ইলোরা গওহর প্রমুখ।