চলচ্চিত্রে চৈতী
‘মধুমতি ছবির শুটিং যখন শুরু হয়েছিল, তখন ছিল কদমফুল ফোটার সময়। এরপর ছবির কাজ হয়েছে থেমে থেমে। কারণ, কিছু দৃশ্য ধারণের জন্য অপেক্ষা করতে হয়েছিল অনেক দিন। এই যেমন—একবার কাশফুল, আরেকবার সরষেফুল। তবে এই সময়ের মাঝে ছবির অন্য কাজগুলো কিন্তু ঠিকই হয়েছে।’ বললেন চৈতী। ২০০৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হয়েছিলেন চৈতী। মধুমতি তাঁর প্রথম চলচ্চিত্র। রাবেয়া খাতুনের মধুমতি উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি করেছেন শাহজাহান চৌধুরী। তিনি জানান, পুরো ছবিটিই তৈরি হয়েছে আউটডোরে। বর্ষা মৌসুমের সৌন্দর্য ব্যবহার করা হয়েছে ছবিতে। সঙ্গে আছে তাঁতি সম্প্রদায়ের সুখ-দুঃখের জীবনগাথা। চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে চৈতী বলেন, ‘শুরুতে মনের মধ্যে খুব ভয় কাজ করেছিল। কিন্তু কিছু কাজ করার পর তা একেবারেই কেটে যায়। সহশিল্পীদের সহযোগিতায় ক্যামেরার সামনে মনেই হয়নি যে চলচ্চিত্রে কাজ করছি।’ছবিতে অভিনয় করছেন রিয়াজ, সাবেরী আলম, শহিদুল আলম, ইলোরা গওহর প্রমুখ।