চলচ্চিত্রে জুটি হলেন প্রকাশ-ঈশানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ছেলে মুস্তফা প্রকাশের প্রথম চলচ্চিত্রে অভিষেক ঘটে কলকাতার ছবি নটবর নটআউট এ। সহঅভিনেত্রী হিসেবে ছিলেন রাইমা সেন। এবার প্রকাশের দেশের চলচ্চিত্রেও অভিষেক ঘটতে যাচ্ছে। ছবির নাম ‘তোমায় দিলাম পৃথিবী’। আর এ ছবিতে প্রকাশের সহঅভিনেত্রী হচ্ছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ঈশানা। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। পরিচালক তন্ময় তানসেন।চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে প্রকাশ জানান, খুবই ইচ্ছে ছিল দেশের চলচ্চিত্রে কাজ করার। অবশেষে দেরিতে হলেও সুযোগটা মিলে গেল। আমি খুবই এক্সাইটেড। প্রথমত নিজের দেশের ছবি। আর গল্পটাও বেশ ভালো লেগেছে।এদিকে ঈশানা জানান, এর আগেও একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু সেটা নানা কারণে হয়ে ওঠেনি। গত সোমবার ‘তোমায় দিলাম পৃথিবী’ চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হলাম। অনুভূতিটা এক কথায় অসাধারণ। ঈশানা আরও জানান, মজার ব্যাপার হচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে বের হওয়ার পর এই পরিচালকের নাটকে কাজ করি। কাকতালীয়ভাবে হলেও চলচ্চিত্রে তাঁর ছবির মাধ্যমে আমার অভিষেক ঘটতে যাচ্ছে। আশা করছি, খুব ভালো মানের একটা ছবি দর্শককে উপহার দিতে পারব। জানা গেছে, আগামী মে মাসের ২০ তারিখ রাঙামাটিতে ‘তোমায় দিলাম পৃথিবী’ ছবির শুটিং শুরু হবে।