চলচ্চিত্রে ঝুঁকছেন মিলন

ধীরে ধীরে ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়ছেন। এরই প্রক্রিয়া হিসেবে সম্প্রতি নতুন আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন তিনি। মিলনের এবারের ছবিটির নাম ‘প্রেম করব তোমার সাথে’। পরিচালক রাকিবুল আলম রাকিব। ছবিটিতে মিলনের বিপরীতে থাকছেন আঁচল।
এ প্রসঙ্গে মিলন জানিয়েছেন, ‘এটি পুরোপুরি অ্যাকশন-রোমান্টিক ছবি। আমার আগের ছবিগুলোর চরিত্রের সঙ্গে এর কোনো মিল নেই। ছবির গল্প বলার ধরন থেকে শুরু করে সবকিছুই অন্যরকম মনে হয়েছে।’
ছবির শুটিং প্রসঙ্গে মিলন বলেন, ‘পরিচালক মারফত জানতে পেরেছি, নতুন বছরের শুরুতেই শুটিং শুরু হবে। সেভাবেই সব ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আশা করছি, ভালো মানের একটি ছবি সবাইকে উপহার দিতে পারব।’
এদিকে ‘প্রেম করব তোমার সাথে’ ছবিটি ছাড়াও মিলন এখন আরও বেশ কয়েকটি ছবির কাজ করছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতেখার চৌধুরীর ‘ওয়ান ওয়ে’, শফিকুল ইসলাম ভৈরবীর ‘শুয়াচান পাখি’, জাকির হোসেন রাজুর ‘ময়নামতি’ এবং শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’। ছবিগুলোতে মিলনের নায়িকারা হলেন ববি, নওশীন, মাহি ও পরি।