চলচ্চিত্রে দলছুট
এবার চলচ্চিত্রে অভিনয় করবে দলছুট। ছবির নাম সত্তা। পরিচালক হাসিবুর রেজা। গতকাল সোমবার বিকেলে দলছুটের প্রধান বাপ্পা মজুমদার জানান, ছবিতে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করবে দলছুট। আর দু-এক দিনের মধ্যে গানটিও চূড়ান্ত করা হবে। বাপ্পা বললেন, ‘আমি চলচ্চিত্রে গান গাইছি ২০০৫ সাল থেকে। আর চলচ্চিত্রে গানের সুর ও সংগীত পরিচালনা করছি ২০০৭ সাল থেকে। এবারই প্রথম দলছুটকে নিয়ে গান করব। পাশাপাশি চলচ্চিত্রটিতে অভিনয়ও করব। এটা আমাদের জন্য একটা দারুণ খবর। আমি খুবই রোমাঞ্চিত।’ছবিটির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। এরই মধ্যে তিনটি গানের কাজ শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, বাপ্পা ও কনা।হাসিবুর রেজা বললেন, ‘দলছুট তরুণ প্রজন্মের ব্যান্ড, শুদ্ধ সংগীতের চর্চা করে। আর আমিও ছবিটি নির্মাণ করছি তরুণদের কথা মাথায় রেখে। ছবির গল্পে একটি ব্যান্ডের অংশগ্রহণ প্রয়োজন ছিল। সব দিক বিবেচনা করে এখানে দলছুটকেই আমার কাছে যথার্থ বলে মনে হয়েছে।’হাসিবুর রেজা জানান, ছবিটির শুটিং শুরু হবে আগামী জানুয়ারি মাসে।