চলচ্চিত্রে নওশীন
ছোট পর্দার অভিনয়শিল্পী নওশীন এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম সুয়াচাঁন পাখি। নওশীন জানান, এরই মধ্যে পরিচালক শফিকুল ইসলামের সঙ্গে ছবিতে তাঁর অভিনয়ের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। মে মাস থেকে ছবির কাজ শুরু হবে। ছবিতে তাঁর সহশিল্পী মিলন, ডলি জহুরসহ আরও অনেকে। বছর দুয়েক আগে নওশীন কালভৈরবী নামের আরেকটি ছবিতে অভিনয় করেছিলেন। পরিচালক ছিলেন শামীম আখতার। সেটি ছিল ডিজিটাল ছবি। কিন্তু এবারের ছবিটি তৈরি হবে ৩৫ মিলিমিটার ফিল্মে।তাই সুয়াচাঁন পাখি নিয়ে নওশীনের মধ্যে ভাবনাটা একটু অন্যরকম। বললেন, ‘মূল ধারার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি, এটা ভাবতেই ভালো লাগছে। ছবির গল্পটা পছন্দ হয়েছে। একেবারে গ্রামীণ পটভূমির গল্প।’এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাণিজ্যিক ধারার ছবিতে কাজ করার ইচ্ছা নেই তাঁর। এ ব্যাপারে নওশীন বললেন, ‘সুয়াচাঁন পাখি সেদিক থেকে একেবারেই আলাদা। বাণিজ্যিক ছবির মতো নাচ, গান, মারামারি এতে নেই। ছবির গল্পটাই দর্শককে আকর্ষণ করবে। এর মধ্য দিয়েই দর্শক বিনোদন পাবে।’