চলচ্চিত্রে প্রীতম

চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে কণ্ঠশিল্পী প্রীতম আহমেদের। এর মধ্যে প্রায় সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। চলচ্চিত্রটির নাম ‘মহুয়া মঙ্গল’। ছবিটি নির্মাণ করবেন অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী নির্মাতা রওশন আরা নিপা। মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া সুন্দরী’ গল্পের ছায়া নিয়ে ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে। আর তাতে বিদেশ ফেরত লোকসংস্কৃতি গবেষক চরিত্রে অভিনয় করবেন প্রীতম আহমেদ। চলচ্চিত্রটির শুটিং শুরু হবে নতুন বছরের প্রথম থেকে কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে। এ প্রসঙ্গে প্রীতম বলেন, ‘এর আগে আমি নাটকে অভিনয় করেছি। এবারই প্রথম মূলধারার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ মানুষের খুব কাছাকাছি যাওয়া যায়। তা ছাড়া ছবিটিতে আমার চরিত্রটিও বেশ ভালো লেগেছে। তাই অভিনয় করতে রাজি হয়েছি।’
প্রীতম আরও বলেন, ‘আমি তো অভিনেতা নই। গান গেয়ে শ্রোতাদের মন জয় করাটাই আমার কাজ। সমাজের নানা ধরনের অসংগতি আমার গানের কথার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এর ফাঁকে যে সময়টা পাই, সেই সময়টাতে কেউ যদি আমাকে নাটক কিংবা চলচ্চিত্রের গল্পের প্রয়োজনে ডাকেন, তাহলে আমি সাড়া দিই। আমি কাজ করতে চাই।’
উল্লেখ্য, গানের পাশাপাশি প্রীতম আহমেদ দুটি নাটকেও অভিনয় করেছেন। নাটক দুটির পরিচালক ছিলেন শরাফ আহমেদ জীবন।