চলচ্চিত্রে ফারিয়া
মম, বিন্দু, বাঁধন ও মীমের পর এবার চলচ্চিত্রে অভিনয় করছেন আরেক ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ ফারিয়া। শিশুতোষ চলচ্চিত্র ছেলেটাতে তিনি অভিনয় করছেন। আর এটি ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র। সরকারি অনুদানে এই ছবিতে অভিনয়ের ব্যাপারে গত মঙ্গলবার ফারিয়ার সঙ্গে নির্মাতাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। গতকাল বুধবার এফডিসির ৯ নম্বর ফ্লোরে ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন ফারিয়া।ফারিয়া বললেন, ‘ছবির গল্পটা খুব ভালো লেগেছে।’ছবিটির পরিচালক সামিয়া জামান বললেন, ‘একটি বাচ্চাকে নিয়ে ছবির গল্প। বাচ্চাটি গ্রাম থেকে পালিয়ে ঢাকা শহরে চলে আসে। এরপর তার জীবনটা কেমন হয়, কীভাবে সে বেড়ে ওঠে, তার জীবনের চড়াই-উতরাই—সবকিছুই এই ছবির গল্পে তুলে ধরা হয়েছে। ছবির গল্পের প্রয়োজনে বিভিন্নভাবে আসেন ফেরদৌস, ফারিয়া ও রাজ্জাক। ছবির “পরি” চরিত্রের জন্য আমাদের কাছে ফারিয়াকে উপযুক্ত বলে মনে হয়েছে। তাই তাঁকে নিয়েই ছবিটি শুরু করেছি।’ছবির কাহিনি লিখেছেন জুলফিকার রাসেল। আর এখানে পাঁচটি গান ব্যবহার করা হবে।