চলচ্চিত্রে মীরাক্কেলের জামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘মীরাক্কেল’খ্যাত জামিল হোসেন। ছবির নাম ‘লাভ ২১’। যৌথভাবে ছবিটি পরিচালনা করবেন রাজিব সরকার ও কমল সরকার। এরই মধ্যে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমা হাউসের সঙ্গে জামিলের চুক্তি সম্পন্ন হয়েছে।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে জামিল বলেন, ‘অনেক আগে থেকেই অভিনয়শিল্পী হওয়ার ইচ্ছে ছিল—হোক তা চলচ্চিত্র কিংবা টিভি নাটক। তবে চলচ্চিত্রের প্রতি আগ্রহটা বেশি হওয়ার কারণ হলো, এর মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। প্রথম চলচ্চিত্র, তাই ভালো লাগাটা কাজ করছে অনেক বেশি।’ জামিল আরও বলেন, ‘ছবির গল্পটি শুনে অনেক ভালো লেগেছে। প্রথম চলচ্চিত্রে ভালো মানের একটি গল্পে কাজ করতে যাচ্ছি, ভেবে অনেক বেশি ভালো লাগছে।’ পরিচালক রাজিব সরকার বলেন, ‘একুশ শতকের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে “লাভ ২১”। গল্প, গান ও চিত্রায়ণের বৈচিত্র্য নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। নতুন প্রজম্মের চাহিদার বিষয়টিও মাথায় রেখে ছবির কাজ শুরু করব।’ আগামী বছরের মার্চ মাসে ‘লাভ ২১’ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন কমল সরকার। জামিল ছাড়াও ‘লাভ ২১’ ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হচ্ছেন সুপার হিরো-হিরোইন প্রতিযোগিতার দ্বিতীয় রানার-আপ আসিফ ইমরোজ, তুলনা ও ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগী তন্ময়। এ ছবিতে সংগীতপরিচালক হিসেবে কাজ করছেন টিটন আহমেদ, অর্ণব মিত্র, আহমেদ চপল ও তমাল মাহমুদ।