চলচ্চিত্রে মেহজাবিন
বছর দুয়েক আগেই নির্মাতা সালাহউদ্দিন লাভলুর ‘ওয়ারিশ’ চলচ্চিত্রে অভিনয় করার কথা ছিল লাক্স তারকা মেহজাবিনের। কিন্তু এখন পর্যন্ত ছবিটির শুটিং শুরু করাই সম্ভব হয়নি। এ নিয়ে বেশ আক্ষেপও ছিল তাঁর। অবশেষে মেহজাবিনের সেই আক্ষেপ দুর হতে যাচ্ছে। কাল বৃহস্পতিবার প্রথমবারের মতো ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন মেহজাবিন। ‘পরবাসিনী’ নামের এই ছবিটি পরিচালনা করবেন ‘লাল টিপ’ ছবির পরিচালক স্বপন আহমেদ। এর মধ্যে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক সব আলোচনা চূড়ান্ত হয়েছে বলে জানালেন মেহজাবিন। নায়িকা চূড়ান্ত করা না হলেও নীরবকে নিয়েই সিলেটের লাউয়াছড়াসহ কয়েকটি স্থানে পরবাসিনীর শুটিং এ সপ্তাহে শুরু হয়েছে।প্রথম আলো ডটকমকে মেহজাবিন বলেন, ‘অনেকদিন পর হলেও অবশেষে প্রথমবারের মতো ছবিতে অভিনয় করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। পরিচালকের কাছ থেকে ছবিটির গল্প যতটা শুনেছি, এতে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তবে এটাও ঠিক যে ‘ওয়ারিশ’ ছবির চিত্রনাট্যটাও কিন্তু আমার মনের মত ছিল। ছবিটিতে কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগত।’ছবির গল্প সম্পর্কে মেহজাবিন বলেন, ‘এটি কিন্তু আর আট-দশটা বাংলা ছবির মতো নয়। পরবাসিনী ছবির গল্প বৈজ্ঞানিক কল্প-কাহিনি নির্ভর। থাকবে প্রেম-ভালোবাসার ব্যাপারটিও। এতটুক নিশ্চিত করে বলতে পারি যে ছবিটি বড়দের পাশাপাশি শিশুদেরও ভালো লাগবে।’মেহজাবিনের এখন এ লেভেল পরীক্ষা চলছে। আর একটি পরীক্ষার পরই এ লেভেল পরীক্ষার ঝামেলা চুকে যাবে। ২০ জুন থেকে পরবাসিনী ছবিটির শুটিং শুরু করতে পারবেন জানালেন তিনি।ছবিটির পরিচালক স্বপন আহমেদ বলেন, ‘আমাদের দেশে কিন্তু বৈজ্ঞানিক কল্প-কাহিনি নির্ভর চলচ্চিত্র এখনো তৈরি করা হয়নি। পরবাসিনীই হবে প্রথম বাংলাদেশি কোনো বৈজ্ঞানিক কল্প-কাহিনি নির্ভর চলচ্চিত্র। তাই গত এক বছর ধরে ছবিটি নিয়ে নানা ধরনের গবেষণা করতে হয়েছে।মেহজাবিন ছাড়া ছবিটিতে আরও দুজন নায়িকা অভিনয় করবেন বলে জানান পরিচালক।