চলচ্চিত্রে রিচি
রিচি সোলায়মান এবার চলচ্চিত্রে অভিনয় করবেন। ছবির নাম নীরব প্রেম। শেখ জহুরুল হকের গল্প ‘একটি ভালোবাসার গল্প’ থেকে ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন শাহনেওয়াজ কাকলী। ছবিতে রিচির বিপরীতে অভিনয় করবেন নিরব। গত শুক্রবার রাতে রিচির সঙ্গে ছবির পরিচালকের আলোচনা চূড়ান্ত হয়েছে। রিচি বললেন, ‘নীরব প্রেম ডিজিটাল প্রযুক্তিতে তৈরি হবে। যতটুকু জেনেছি, বাণিজ্যিক ছবি বলতে আমরা যা বুঝি, ছবিটি তা নয়। আর বাণিজ্যিক ছবির ব্যাপারে আমার কখনোই আগ্রহ ছিল না। গল্পটি শুনে ভালো লেগেছে। পরিচালক আমার দীর্ঘদিনের বন্ধু। এবার আমি বন্ধুর ছবিতে অভিনয় করব। এসব কারণেই অভিনয় করতে রাজি হয়েছি।’রিচি আরও বলেন, ‘এটি পুরোপুরি একটি প্রেমের ছবি। এখানে আমি প্রতিষ্ঠিত একটি এনজিওর কর্মী। ছবিতে আমার সঙ্গে অভিনয় করবেন নিরব। আশা করছি, আমরা সবাই মিলে দর্শককে একটি ভালো ছবি উপহার দিতে পারব।’ছবির শুটিং শুরু হবে আগামী ৭ অক্টোবর।