চলচ্চিত্রে লাক্স-তারকা ঊর্মি
মম, বিন্দু, বাঁধন ও মিমের পর এবার চলচ্চিত্রে নাম লেখালেন আরেক লাক্স-তারকা ঊর্মি। সম্প্রতি রাজধানী ঢাকার ডিওএইচএসে ছবিটির শুটিং শুরু হয়েছে। রাফায়েল আহসানের রচনা ও পরিচালনায় ডিজিটাল এ চলচ্চিত্রটির নাম হচ্ছে ‘৬৯-পাতলা খান লেন’। পুরান ঢাকার মানুষের জীবনধারা এবং এর সঙ্গে পারিপার্শ্বিক বিভিন্ন দিক নিয়ে ছবিটি তৈরি হচ্ছে।ছবিতে অভিনয় প্রসঙ্গে ঊর্মি বলেন, ‘ছবিটিতে অভিনয়ের ব্যাপারে অনেক দিন ধরে কথাবার্তা চলছিল। সবকিছু ব্যাটে-বলে মিলছিল না, তাই এত দিন করা হয়নি। তা ছাড়া আমার নিজের একটা চিন্তা-ভাবনা ছিল একটি ভালো গল্পের মধ্য দিয়ে চলচ্চিত্র শুরু করার। অবশেষে সেটা হয়েছে। এরই মধ্যে চারদিন শুটিংও করেছি। গল্পটিও বেশ মজার। কাজ করে অনেক ভালো লাগছে।’ছবিতে নিজের অভিনীত চরিত্র সর্ম্পকে ঊর্মি বলেন, ‘ছবিতে আমাকে দেখানো হবে অফিস এক্সিকিউটিভ হিসেবে। আমার জন্য পুরো অফিসে তোলপাড় শুরু হয়ে যায়। সবার সঙ্গে প্রেম করার ভান করে নানা ধরনের স্বার্থ হাসিল করি। এই অফিসেরই আরেকজন সহকর্মী হলেন ফেরদৌস ভাই। ওনার কাছে এসেই আমি ধরাটা খাই। এভাবেই ছবির গল্প এগোতে থাকে।’ছবিটি সম্পর্কে পরিচালক রাফায়েল আহসান বলেন, ‘এটি আসলে পুরোপুরি কমেডি ঘরানার ছবি। ছবিটিতে দেখানো হবে ফেরদৌসের চার দিনের সব অদ্ভুত কর্মকাণ্ড। ছবির প্রয়োজনে এর মধ্যে আরো নানা বিষয় যোগ হবে। এরই মধ্যে ছবিটির ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২১ তারিখ থেকে দ্বিতীয় লটের কাজ শুরু হবে। আশা করছি আগামী মাসের শুরুতেই ছবিটির কাজ শেষ করতে পারব।’