চলচ্চিত্রে শহীদুল্লাহ ফরায়জী'র গান

শহীদুল্লাহ ফরায়জী নিয়মিত গান লেখেন। কিন্তু চলচ্চিত্রের গানে তার দেখা মেলে না। সর্বশেষ তার লেখা একটি গান ব্যবহার হয়েছিল ‘মাটির ফুল’ ছবিতে। রিয়াজ শাবনূর অভিনীত এ ছবি বেশ আলোচিতও হয়েছিল। সেও ২০০২ সালের কথা। তবে শহীদুল্লাহ ফরায়জী জানান, গানটি তিনি সিনেমার জন্য লেখেননি। পরে তার অনুমতি সাপেক্ষে সেটি ‘মাটির ফুল’ ছবিতে ব্যবহার করা হয়েছিল।
এত বছর পরে নতুন আরো একটি ছবির জন্য গান লিখলেন তিনি। গানের কথা ‘যদি একটু তুমি ভালোবাস/আমি বাসব আরো বেশি/তারায় তারায় হবে বাসর/স্বর্গ হবে প্রতিবেশী।’
নতুন এ গানটি সুর করেছেন শওকত আলী ইমন। গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও দিনাত জাহান মুন্নী।
চলচ্চিত্রের জন্য গান লেখা প্রসঙ্গে শহীদুল্লাহ ফরায়জী বলেন,‘গান নিয়মিত লিখলেও চলচ্চিত্রের জন্য সচরাচর লেখা হয় না। অনেকদিন পরে লিখলাম। অ্যালবামে গান লেখার মাধ্যমে একটা ভক্তশ্রেণী আমি পেয়েছি। আমার ইচ্ছে, সিনেমার গান লিখে মানুষের অন্তর স্পর্শ করতে পারব।’
নতুন গানটি ব্যবহার হবে ‘ন্যায় বিচার’ ছবিতে। ছবিটি পরিচালনা করবেন প্রদীপ দে। ছবির কাজ শুরু হবে আগামী মাসের শেষ দিকে বলে জানান ফরায়জী।
একই সঙ্গে আরো একটি তথ্য দেন তিনি। সুরকার শওকত আলী ইমনও প্রথম তার লেখা গানে সুর করলেন।