চলচ্চিত্রে শামীম শাহেদ
নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করলেও এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন শামীম শাহেদ। ‘টেলিভিশন’-এ অভিনয়ের মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। শামীম শাহেদ বলেন, ‘এটি আমার প্রথম ছবি। এ ছাড়া ফারুকীর ছবিতে অভিনয় করতে পারা আমার জন্য খুব আনন্দের।’শামীম শাহেদ আরও বলেন, ‘চরিত্রের জন্য গোঁফ রাখছি। আমি এমনিতেই সব সময় চশমা ব্যবহার করি। কিন্তু ছবির প্রয়োজনে আমাকে চশমা ছাড়া অভিনয় করতে হবে। এটা একদিক থেকে আমার জন্য খুব কষ্টেরও। আমি এখন থেকেই এর চর্চা শুরু করে দিয়েছি। এই ছবিতে সংলাপও বলতে হবে নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। এর চর্চাও করছি এখন।’‘টেলিভিশন’ চলচ্চিত্রে শামীম শাহেদকে গ্রামের একজন ধূর্ত যুবকের চরিত্রে দেখা যাবে। যে কিনা সবার সঙ্গে সব বিষয়ে সমস্যার সৃষ্টি করে আর সুযোগের সন্ধানে থাকে।‘টেলিভিশন’ চলচ্চিত্রের অন্য অভিনয় শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তিশা। যৌথভাবে টেলিভিশন চলচ্চিত্রের কাহিনি লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী।আগামী ডিসেম্বরের শেষের দিকে ছবির শুটিংয়ের কাজ শুরু হবে।যৌথ প্রযোজনার ছবিটির বাংলাদেশ থেকে প্রযোজনা করছে প্রযোজনা সংস্থা ছবিয়াল ও স্টার সিনেপ্লেক্স এবং জার্মানির প্রযোজক ক্রিস্টফ থোকে। শামীম শাহেদ স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান হিসেবে কর্মরত আছেন।