চলচ্চিত্রে শোকের ছায়া
সকাল থেকেই এফডিসি থমথমে। খবরটা পাওয়া পর যে যেখানে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে পড়লেন। পরিচালক সমিতির সভাপতি মুহম্মদ হান্নান আবেগকে সামলে নিয়ে দু-চার জায়গায় ফোন করে খবরটা নিশ্চিত করলেন। মুঠোফোনে দীর্ঘশ্বাস তাঁর। ‘তারেক মাসুদ আমাদের চলচ্চিত্রশিল্পের গর্ব। তিনি চলে গেলেন। খুব তাড়াতাড়ি ছেড়ে গেলেন আমাদের।’ চাষী নজরুল ইসলামকে ফোন করতেই অপর প্রান্তে তাঁর কান্না শোনা গেল। মিশুক মুনীর তাঁর ভায়রা। আর তারেক মাসুদ পছন্দের একজন নির্মাতা। ‘দুজন মেধাবী মানুষ আমাদের ছেড়ে গেলেন, এটা মেনে নিতে পারছি না। একজন চলচ্চিত্রনির্মাতা যে কতটা ভদ্র হতে পারে, সেটা আমরা তারেককে দেখে বুঝেছি। তারেক যে কাজ করত, সেটি জেনে করত। ওর যে চিন্তাধারা ছিল, সেটি অসাধারণ।’শিল্পীদের মধ্যেও তারেক মাসুদ ছিলেন জনপ্রিয় ও সম্মানিত একজন মানুষ। ফেরদৌস বলেন, ‘কলকাতা গেলে সেখানকার মানুষ আমার কাছে প্রায়ই জানতে চায়, তারেক মাসুদ কি আর মাটির ময়নার মতো আর কোনো ছবি বানায়নি? কিছুক্ষণ আগে তারেক ভাই আর মিশুক মুনীর স্যারের খবরটা শুনে চমকে উঠলাম। মিশুক মুনীর আমার শিক্ষক ছিলেন। আমার দুজন প্রিয় মানুষ এত তাড়াতাড়ি চলে যাবেন—ভাবা যায়?’