চলচ্চিত্রে সাকিব আল হাসান
একটি চলচ্চিত্রে অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। ছবির নাম সবকিছু পেছন ফেলে। পরিচালক রাজিবুল হোসেন। কায়েস চৌধুরীর ভাবনা থেকে ছবির চিত্রনাট্য লিখেছেন রাজিবুল হোসেন ও ফুয়াদ নাসের। পরিচালক জানান, গত শুক্র ও শনিবার কক্সবাজারে মারমেইড বিচ রিসোর্টের পাশে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন সাকিব। ছবির গল্পে সাকিব সমুদ্রসৈকতে প্যারাস্যুট দিয়ে ওপর থেকে নেমে আসেন। এখানে তাঁর সঙ্গে দেখা হয় পাঁচ তরুণের। সাকিবকে কাছে পেয়ে তাঁরা চমকে ওঠেন। পরে সাকিব তাঁদের সঙ্গে বিচ ক্রিকেট খেলেন। একসময় পাঁচ তরুণের কাছ থেকে বিদায় নিয়ে সাকিব চলে যান।রাজিবুল হোসেন আরও জানান, তাঁর ছবির গল্প পাঁচ তরুণের রোমাঞ্চকর নানা অভিযান নিয়ে। সাকিবকে দিয়েই শুরু হয়েছে ছবির শুটিং।সবকিছু পেছন ফেলে ছবির টাইটেল স্পন্সর করছে ফুজি ফিল্ম। এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন সাকিব।