চলচ্চিত্রে ‘মিস অদ্বিতীয়া’ মুন
টিভি নাটক ও বিজ্ঞাপনের পর এবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিস অদ্বিতীয়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জাকিয়া কামাল মুন। এরই মধ্যে ছবিটির পরিচালকের সঙ্গে মুনের কথাবার্তাও চূড়ান্ত হয়েছে। মুন অভিনীত প্রথম ছবির নাম ‘মহানগর’। ছটকু আহমেদের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করবেন শান্তি ইসলাম।প্রথম আলো ডটকমকে মুন বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করব এমন ভাবনা থেকেই মিস অদ্বিতীয়া প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলাম। মিস অদ্বিতীয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর চলচ্চিত্রে কাজ করার আগ্রহটা বাড়তে থাকে। প্রতিযোগিতা শেষে বেশ কয়েকটি নাটকেও অভিনয় করি। পাশাপাশি দুটি বিজ্ঞাপনচিত্রের কাজও করি। অবশেষে স্বপ্নের মাধ্যম চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি ভেবে ভালোই লাগছে।’মুন আরও বলেন, ‘প্রথম চলচ্চিত্রের মধ্য দিয়ে আমার স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। তাই ভালো লাগার পরিমাণটা বেশি। বলতে পারেন পুরো ব্যাপারটি নিয়ে আমি অনেক বেশি উচ্ছ্বসিত।’মহানগর চলচ্চিত্রে মুনের সহশিল্পী আরেফিন শুভ ও সুপার হিরো-খ্যাত রোজ।মহানগর ছবিটির পরিচালক শান্তি ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগামী ১২.১২.১২ তে মহরতের মধ্য দিয়ে মহানগর ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।’এদিকে চলচ্চিত্রে অভিনয়ের আগে মুন বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। এসব নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাহিদ হাসান বিপরীতে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তৌকির আহমেদের বিপরীতে বাইফোকাল ও বকুলপুরের যাত্রী, শাহেদের বিপরীতে শিকড় এবং শাহরিয়ার শুভ-র বিপরীতে পারদ ফুলের ঘ্রাণ।