চলচ্চিত্রে ‘শিখণ্ডী কথা’
ঢাকার মঞ্চে শিখণ্ডী কথা নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ২০০২ সালে। মহাকাল নাট্যসম্প্রদায় এ পর্যন্ত নাটকটির ৯৭টি প্রদর্শনী করেছে। এর নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক রশিদ হারুন। এ ছাড়া একই নাটক চট্টগ্রামের নাট্যাধার ৩১টি, নওগাঁ থিয়েটার সাতটি, হাকিম আলী গায়েন থিয়েটার ১৯টি ও মহাকাল নাট্যসম্প্রদায় (পুরানা পল্টন) ৭১টি প্রদর্শনী করেছে। এবার এ গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র। গতকাল বুধবার সন্ধ্যায় এফডিসিতে শিখণ্ডী কথার মহরত অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।নাটকটির নাট্যকার আনন জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষকতা করছেন। তিনি বলেন, ‘মঞ্চের নাট্যরূপটি চলচ্চিত্রের জন্য কিছুটা পরিবর্তন করেছি। এরই মধ্যে আরও কিছু গবেষণা করেছি। সেগুলোও এখানে রাখছি।’ছবিটি পরিচালনা করবেন মোহাম্মদ হান্নান। তিনি বললেন, ‘এ গল্প নিয়ে প্রায় বছর তিনেক যাবত্ কাজ করছি। মঞ্চে যখন প্রথম দেখেছিলাম, তখনই চলচ্চিত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম। পুরো গল্পটি বৃহন্নলাদের নিয়ে। সমাজে অনেকেই তাঁদের নিয়ে হাসি-ঠাট্টা করে। কিন্তু তাঁদের দুঃখ-কষ্ট, বেদনা ও অনুভূতির কথা কজন জানে। আমি চলচ্চিত্রে এ ব্যাপারটিই তুলে ধরব।’তিনি জানান, ছবির শুটিং হবে পূবাইল ও সাটুরিয়ায়। ছবিটি তৈরির ব্যাপারে কারিগরি বিভিন্ন সুবিধা দিচ্ছে এটিএন বাংলা। ছোট পর্দায় ছবির উদ্বোধনী প্রদর্শনী হবে এ চ্যানেলেই। শিখণ্ডী কথা ছবিতে অভিনয় করবেন রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, মিরানা জামান, রানী সরকার, নিলয় ও মহাকাল নাট্য সম্প্রদায়ের সদস্যরা।