আলমিত্রা। টিনএজার। ফেসবুকের মাধ্যমেই বিখ্যাত চিত্রশিল্পী রূপায়ণ ঠাকুরের সঙ্গে পরিচয়। রূপায়ণ ঠাকুরের ব্যক্তিত্ব, তাঁর গল্প বলার ঢং মুগ্ধ করে আলমিত্রাকে। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু আলমিত্রার চাওয়া আরও কিছু।... এটি মাসুদ হাসান উজ্জ্বলের দুলছে পেন্ডুলাম টেলিছবির আংশিক গল্প। এতে আলমিত্রা চরিত্রে অভিনয় করেছেন আনূষা সিমরান জাহীদ। শিশুশিল্পীর ইমেজ ভাঙার পর এটি তাঁর দ্বিতীয় নাটক। আর এতে আলমিত্রা চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন আনূষা। অবশ্য নাটকের কেন্দ্রীয় চরিত্রে আনূষা অভিনীত প্রথম নাটক আবার আসিব ফিরে।টিভির পর্দায় অনেকেরই অভিনয় দেখতেন। কিন্তু কখনোই অভিনয়ের চিন্তা মাথায় আসেনি। ২০০৫ সালে গিয়াসউদ্দীন সেলিমের স্বপ্নের বিলেত নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের প্রস্তাব পান। এতে আনূষা অভিনয় করেন অভিনেত্রী তারিনের ছোট বোনের ভূমিকায়। এরপর টানা আরও কয়েকটি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন আনূষা।পরিবারের কেউ অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত না থাকলেও সবাই বেশ উৎসাহ দেন আনূষাকে। অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে আনূষা বলেন, ‘আমার কাছে কখনোই শুটিং ব্যাপারটাকে সিরিয়াস কোনো কিছু মনে হয় না। বলতে পারেন বনভোজনের আমেজে নাটকের শুটিং করে থাকি। যতক্ষণ কাজ থাকে, সারাক্ষণই হই-হুল্লোড়ে মেতে থাকি।’টিভি নাটকের বাইরে কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন অনূষা। এর মধ্যে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ অনেক দিন পর্যন্ত মনে থাকবে বলে জানান আনূষা। আনূষা অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হচ্ছে আফজাল হোসেনের জু-কিপার, মনিরুল ইসলামের বিন্দু থেকে বৃত্ত, মাসুদ হাসান উজ্জ্বলের দুলছে পেন্ডুলাম, মীর সাব্বিরের আবার আসিব ফিরে, ইনসান ইমনের অলিম্পাস, হিমেল আশরাফের রোড টু আমেরিকা।শুধু অভিনয় নয়, নাচ নিয়ে নয় বছর বাফায় তালিম নিয়েছেন আনূষা। নাচটা একান্তই ভালোবাসার জায়গা থেকে করা। শিখেছেন সাধারণ এবং কত্থক। বাফায় নয় বছরের কোর্স শেষে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন আনূষা। এ লেভেল পরীক্ষার পর ওডিসির ওপরও তালিম নেবেন বলে জানান তিনি।দুই বোনের মধ্যে আনূষা বড়। সামনে এ লেভেল পরীক্ষা। তাই পরীক্ষা নিয়ে কিছুটা ব্যস্ত সময় কাটছে। মনের মতো চিত্রনাট্য ও পরিচালক পেলে একটি মাত্র চলচ্চিত্রে কাজ করবেন। আলোচনাও চলছে বলে জানান। অবসর পেলেই গান শোনেন আর ড্রয়িং করতে ভালোবাসেন। গানের শিল্পীদের মধ্যে দেশে পছন্দের শিল্পী হাবিব আর দেশের বাইরে রিকলের গান খুবই ভালো লাগে। এ ছাড়া বাসায় ছোট বোন ও মায়ের সঙ্গে আড্ডা দিয়ে সময় পার করেন। পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসেন। বন্ধুদের কাছ থেকেও ভালোই কাজের প্রশংসা পান আনূষা। পাশাপাশি সমালোচনাও করেন তাঁরা। সমালোচনাকে ইতিবাচক হিসেবে মেনে নিয়ে পরবর্তী কাজে মনোনিবেশ করেন। নিজের কাজের এমন প্রতিক্রিয়া এভাবে জানতে পেরে ভালোই লাগে আনূষার। আর মুহম্মদ জাফর ইকবালের বই আনূষার ভীষণ প্রিয়। প্রিয় লেখকের নতুন বই পেলে অমনি পড়া শুরু করেন।