
শেষ কবে সিনেমা হলে গিয়েছিলেন, তা আর মনে নেই পঞ্চাশোর্ধ্ব ফাহমিদা বেগমের। আবছা স্মৃতি হাতড়ে বললেন, ‘তা-ও তো বছর ১৫ আগে হবে। হলে সুস্থ পরিবেশের বড়ই অভাব। এটি নারীদের জন্য এক বিরাট সমস্যা। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও হলমুখী হতে পারি না। বেঙ্গল সংস্কৃতি উৎসবে সুযোগ পেয়ে তাই অদেখা কয়েকটি চলচ্চিত্র দেখে ফেললাম।’
গতকাল বুধবার বিকেলে নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের বেঙ্গল সংস্কৃতি উৎসব প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা হচ্ছিল নগরের শিবগঞ্জ এলাকার বাসিন্দা ফাহমিদা বেগমের সঙ্গে। তিনি আরও জানান, সুস্থ পরিবেশ না থাকায় মাঝখানে বেশ কয়েকটি ভালো বাংলা চলচ্চিত্র মুক্তি পাওয়ার পরও তিনি ভয়ে হলে যাননি। উৎসবে চলচ্চিত্র প্রদর্শিত হওয়ায় দুই মেয়েকে নিয়ে তিনি প্রতিদিনই পছন্দের চলচ্চিত্রগুলো দেখে নিচ্ছেন।
কেবল ফাহমিদা নন, তাঁর মতো অনেকেই এ সুযোগ হাতছাড়া করছেন না। মিলনায়তন ভর্তি দর্শকের উপস্থিতিতে গতকাল বেলা চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমার বন্ধু রাশেদ, রানওয়ে এবং তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের সফল প্রদর্শনী সেটিই প্রমাণ করে। ২২ ফেব্রুয়ারি থেকে সিলেটে শুরু হওয়া ১০ দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসবের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিন বাদে প্রতিদিনই সৈয়দ মুজতবা আলী মঞ্চে নির্বাচিত কিছু চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। বাকি দুই দিনও চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আয়োজকেরা জানিয়েছেন, গতকাল পর্যন্ত ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এগুলো হচ্ছে বর্ন টুগেদার, টেলিভিশন, গেরিলা, মেঘমল্লার, অজ্ঞাতনামা, জালালের গল্প, আয়নাবাজি, দিপু নাম্বার টু, আন্ডার কনস্ট্রাকশন, অনিল বাগচীর একদিন, আমার বন্ধু রাশেদ, রানওয়ে এবং তিতাস একটি নদীর নাম। বাকি দুই দিন আরও দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে আজ বৃহস্পতিবার রীনা ব্রাউন এবং কাল শুক্রবার ঘাসফুল প্রদর্শিত হবে।
কয়েকজন দর্শক জানিয়েছেন, চলচ্চিত্রগুলো সুনির্বাচিত হওয়ায় এসবের সংলাপ, শব্দ আর মনোলগের চমৎকার ব্যবহার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। চলচ্চিত্রানুরাগী পর্দায় জীবন ও জগতের প্রবাহমানতায় মায়াময় বোধের অনুভব করছেন।
গতকাল বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সৈয়দ মুজতবা আলী মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনী চলছিল। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাসন রাজা মঞ্চে মণিপুরি নৃত্য একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এরপরই রাগাশ্রয়ী বাংলা গান গাইতে মঞ্চে ওঠার কথা শিল্পী প্রিয়াংকা গোপের। তারপর রবীন্দ্রসংগীত গাইতে মঞ্চে ওঠার কথা শিল্পী বুলবুল ইসলামের। সবশেষে মঞ্চে ওঠার কথা রয়েছে ভারতের রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের শিল্পী জয়তী চক্রবর্তীর। এর আগের রাত মঙ্গলবার ভারতের প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য্যের পরিবেশনার সময় অন্তত ৩০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটেছে বলে আয়োজকেরা নিশ্চিত করেছেন। একপর্যায়ে দর্শনার্থীদের ঠাঁই দিতে না পেরে প্রধান ফটক সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।
এদিকে বেঙ্গল উৎসবে প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা এবং বেঙ্গল পাবলিকেশনস ঘিরে গতকাল পাঠকদের প্রচুর ভিড় লক্ষ করা গেছে। প্রথমার একজন বিক্রয়কর্মী জানিয়েছেন, প্রথমা প্রকাশিত মুক্তিযুদ্ধ, রাজনীতি, প্রবন্ধ, গবেষণা, উপন্যাস ও ছোটদের বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। পাঠকেরা এসে সদ্য প্রকাশিত বইয়ের পাশাপাশি পুরোনো বইগুলোও খোঁজ করছেন।
আজকের পরিবেশনা
সৈয়দ মুজতবা আলী মঞ্চে সন্ধ্যা সোয়া সাতটায় লোকনাট্য দল পরিবেশন করবে মঞ্চনাটক কঞ্জুস। বিকেল চারটায় হাসন রাজা মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে। প্রথমেই থাকবে ছোটদের দলীয় পরিবেশনা চতুরঙ্গ। এরপর জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেটের শিল্পীরা গান পরিবেশন করবেন।
ছোটদের গীতিনাট্য শিশুতীর্থ পরিবেশনাও রয়েছে আজ। এরপর নজরুলসংগীত শিল্পী রাকিবা ইসলাম ঐশী, ভাওয়াইয়া গানের শিল্পী শফিউল আলম রাজা, নজরুলসংগীতের শিল্পী ফেরদৌস আরা, ভারতের প্রখ্যাত শিল্পী হৈমন্তী শুক্লা এবং লোকসংগীতশিল্পী পার্বতী বাউল গান পরিবেশন করবেন।