দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে উদ্যোগ নিচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন। চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন, বিতরণ এবং মানসম্পন্ন সিনেমা হল নির্মাণের একটি সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গঠন করা হয়েছে বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। গত শনিবার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় ক্যাফেতে ফোরামের উপদেষ্টা পর্ষদ ও প্রকল্প পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, নবীন চলচ্চিত্র নির্মাতা প্রকল্পের আওতায় বছরে অন্তত ১৫ থেকে ২০টি চলচ্চিত্র নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী বেঙ্গল এন্টারটেইনমেন্ট। বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহ্বায়ক আবুল খায়ের বলেন, সারা দেশে বিপুলসংখ্যক প্রতিভাবান তরুণ বাংলাদেশের চলচ্চিত্রকার রয়েছেন। কিন্তু বিনিয়োগের অভাবে তাঁরা চলচ্চিত্র শিল্পে অবদান রাখতে সক্ষম হন না। বেঙ্গল নতুন নির্মাতাদের চলচ্চিত্রে বিনিয়োগের পাশাপাশি সিনেমা হাউস প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত নির্মাতাদের ছবি নির্মাণ করছে, অন্যদিকে সারা দেশে চলচ্চিত্র প্রদর্শনের সুযোগসহ ৪০০টি সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজে হাত দিয়েছে। ফোরামের প্রকল্প পরিচালনা পর্ষদের চেয়ারপারসন লুভা নাহিদ চৌধুরী বক্তব্য দেন। শনিবারের মতবিনিময় সভায় এ ছাড়া উপস্থিত ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, তথ্যসচিব হেদায়েতউল্লাহ আল মামুন, শিক্ষাসচিব কামাল আবু নাসের চৌধুরী, এফডিসির মহাপরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দীন সেলিম, আবু সাইয়িদ প্রমুখ।