চলচ্চিত্রের গানে আবার আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ অনেক দিন পর চলচ্চিত্রে আবার একটি গান সুর করলেন এবং তাতে কণ্ঠ দিলেন ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। ছবির নাম চোরাবালি। পরিচালক রেদোয়ান রনি। বাচ্চু বললেন, ‘ছবিটির গল্প শুনে ভালো লাগল। তাই গানটি করতে আগ্রহী হলাম।’ বাচ্চু তাঁর এবি কিচেন স্টুডিওতে গত সপ্তাহে গানটি রেকর্ড করেন। সাজ্জাদ হোসাইনের লেখা গানটির কথা হলো—‘ভুলে গেছি জুতোটার ফিতেটাও বাঁধতে, জীবনকে ভুলে গেছি প্রিয় সুরে গাঁথতে।’ রনি জানান, তাঁর এই ছবিতে আরও গান করছেন হাবিব, অর্ণব ও হূদয় খান। ছবির চিত্রনাট্য আবার নতুন করে তৈরি করছেন তিনি। এর পরই শিল্পী চূড়ান্ত করা হবে। স্ক্রিনহাউস এন্টারটেইনমেন্টের এই ছবির শুটিং শুরু হবে আগামী জানুয়ারি মাসে।প্রসঙ্গত, চলচ্চিত্রে আইয়ুব বাচ্চু নিয়মিত না হলেও তাঁর গাওয়া বেশ কিছু গান খুবই জনপ্রিয়। এর মধ্যে উল্লেখযোগ্য গান হলো—‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘আম্মাজান’, ‘আমি দিওয়ানা দিওয়ানা’, ‘আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে’।