চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন সালমান রুশদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত প্রখ্যাত ব্রিটিশ লেখক সালমান রুশদির ‘মিডনাইট’স চিলড্রেন’ উপন্যাস অবলম্বনে একই শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন দীপা মেহতা। সম্প্রতি এক খবরে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন সালমান রুশদি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ছবির পরিচালক দীপা মেহতা। ভারতে ‘মিডনাইট’স চিলড্রেন’ মুক্তি পাচ্ছে ১ ফেব্রুয়ারি। ছবির প্রচারণা উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে দীপা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিডনাইট’স চিলড্রেন ছবির গানে কণ্ঠ দিয়েছেন সালমান রুশদি।’ এ প্রসঙ্গে রুশদি বলেন, ‘দীপা যখন তাঁর ছবিতে আমাকে দিয়ে গান গাওয়ালেন, সেই মুহূর্তে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমি। পরীক্ষামূলকভাবে গানটি গেয়েছি। ছবির ছোট্ট একটি অংশে ওই গান ব্যবহার করা হয়েছে। তারপরও যখনই ছবিতে দৃশ্যটি দেখানো হয়, তখনই মনে হয় কোনো কিছুর পেছনে গিয়ে লুকিয়ে থাকি।’ ‘মিডনাইট’স চিলড্রেন’ ছবিতে গল্প বর্ণনা করতেও শোনা যাবে রুশদিকে। এ প্রসঙ্গে দীপা মেহতার ভাষ্য, ‘অনেক অনেক অনুরোধের পর শেষ পর্যন্ত ছবিটিতে ন্যারেটর হিসেবে কণ্ঠ দিতে রাজি হন সালমান রুশদি। কাজটা মোটেও সহজ ছিল না।’