চলচ্চিত্রের গানে চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের শিরোনাম সংগীতের কাজ করার পর এবারে চলচ্চিত্রের জন্য কাজ করতে যাচ্ছে ভিন্নধারার ব্যান্ড ‘চিরকুট’। মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘টেলিভিশন’-এর শিরোনাম সংগীতসহ আরও দুটি গানে কণ্ঠ দেবেন বলেই প্রথম আলো ডটকমকে জানিয়েছেন ব্যান্ডটির ভোকাল শারমীন সুলতানা সুমী। এ প্রসঙ্গে সুমী বলেন, ‘এটা আসলে আমাদের জন্য অনেক ভালোলাগার একটা অনুভূতি। মিডিয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, চলচ্চিত্র। আর বলতে পারেন সেখানে আমাদের অভিষেক হচ্ছে অনেকটা রাজকীয়ভাবেই। চলচ্চিত্রের গানও তাও আবার একটি নয়; তিনটি গান দিয়ে। তবে চলচ্চিত্রের মত বড় একটি মাধ্যমে কাজ করতে সুযোগ দেওয়ার জন্য ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে ধন্যবাদ।’সুমী আরও বলেন, ‘ছবিটির একটি গানের কথা, সুর ও সংগীত সবকিছুই চিরকুট ব্যান্ডের। অন্য দুটি গানে কণ্ঠ দেব আইয়ুব বাচ্চু ও হূদয় খানের সুর-সংগীতে। সব মিলিয়ে টেলিভিশন চলচ্চিত্রটি নিয়ে অন্য রকম একটা ভালোলাগা কাজ করছে।’ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ‘ছবির শিরোনাম সংগীতের পাশাপাশি আরও দুটি গান করবে চিরকুট।’ এদিকে ছবিটির নাম পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন ফারুকী।টেলিভিশন চলচ্চিত্রটির কাহিনি যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী।স্টেজ শো আর অ্যালবামের কাজের বাইরে ‘চিরকুট’ ব্যান্ড প্রথম নাটকের শিরোনাম সংগীতে কণ্ঠ দেন অম্লান বিশ্বাসের ‘নো প্রবলেম’ ধারাবাহিকে। এরপর সর্বশেষ তাঁরা চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচারিত নুরুল আলম আতিকের ‘যাদুর শহর’ ধারাবাহিকের শিরোনাম সংগীতটির কাজ করেন। নাটকটিতে তাঁরা অভিনয়ও করেছেন।২০০২ সালে শুরু হওয়া ‘চিরকুট’ ব্যান্ডের একটি মাত্র অ্যালবাম বাজারে এসেছে। নাম চিরকুটনামা (২০১০)। চিরকুট ব্যান্ডে বর্তমানে ভোকাল হিসেবে সুমী, লিড গিটারে ইমন, ড্রামসে পাভেল আরীন, বেস গিটারে রোকন ইমন এবং পারকাশান, ভায়োলিন, বাঁশি ও ভোকালে রয়েছেন পিন্টু।