চলচ্চিত্রের গানে দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকিব খান ও পিলু খান দুই ভাই। গান করছেন অনেক দিন ধরে। শ্রোতাদের কাছে তাঁদের বড় পরিচয়—তাঁরা রেনেসাঁ ব্যান্ডের সদস্য। এবার এই দুই ভাইকে একসঙ্গে পাওয়া গেল চলচ্চিত্রের গানে। গানটির শিরোনাম ‘তোমার কষ্টের চিৎকারে জন্ম নিলাম আমি’। ছবির নাম টু বি কনটিনিউড...। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার ফাহিম।নকিব খান জানান, এবারই প্রথম চলচ্চিত্রের গানে সুর করছেন তিনি। বললেন, ‘কিছুদিন আগে লেখাটি হাতে পাই। এরপর সুন্দরবনে গিয়েছিলাম, কটকায়। অফিসের একটা কাজ ছিল। সেখানে সন্ধ্যার পর লঞ্চে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। সঙ্গে গিটার ছিল। লেখাটি নিয়ে বসে পড়লাম। পরদিন ভোরবেলা নাগাদ পুরো গানটির একটা কাঠামো তৈরি হয়ে গেল।’গানটিতে কণ্ঠ দিচ্ছেন পিলু খান। তিনিও এবারই প্রথম প্লেব্যাক করছেন। গানটির ব্যাপারে নকিব বললেন, ‘বাংলা চলচ্চিত্রের গান যেমন হয়, তেমন নয়। ধরনটা রেনেসাঁর গানের মতোই। খুবই সাধারণ। কিন্তু ভালো লাগবে।’