চলচ্চিত্রের গানে পার্থ বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি গান করছি সেই ১৯৯২ সাল থেকে। দীর্ঘদিন আছি সোলসের সঙ্গে। তবে এবারই প্রথম চলচ্চিত্রে গান করছি।’ বললেন পার্থ বড়ুয়া। স্বপ্নীল ভুবন ছবিতে গান করবেন তিনি। গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে পার্থ জানান, এখন তিনি আছেন চট্টগ্রামে। ঢাকায় ফিরে ৬ ফেব্রুয়ারি ছবির গানে কণ্ঠ দেবেন বলে নিশ্চিত করলেন পার্থ।স্বপ্নীল ভুবন ছবির পুরো কাজ হয়েছে লন্ডনে। ওখানকার বাঙালিদের নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প। আর এটি পরিচালনা করেছেন জি এম ফারুক। এই ছবির সুর ও সংগীত পরিচালনা করেছেন আরমান খান। এর আগে দরিয়া পারের দৌলতি ও দুই বেয়াইয়ের কীর্তি নামে দুটি ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি। তবে ওই ছবি দুটিতে তাঁর সঙ্গে ছিলেন অন্য সুরকারও। এবারই প্রথম একই ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করছেন আরমান। জানালেন, ছবিতে গানগুলো ব্যবহার করা হবে আবহ সংগীত হিসেবে। এত দিন পর প্লেব্যাক করা প্রসঙ্গে পার্থ বড়ুয়া বললেন, ‘আসলে ওভাবে কেউ কখনো বলেনি। আর আমারও তেমন আগ্রহ ছিল না। যেহেতু প্রথম গান, তাই এটা ভাবলেই কেমন যেন মনে হয়।’