চলচ্চিত্রের গানে ফুয়াদ
এর আগেও চলচ্চিত্রের জন্য গান করেছেন ফুয়াদ আল মুক্তাদির। মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে ‘শেষ চিঠি’ এবং ইলাজার ইসলামের দীপ নেভার আগে ছবিতে ‘সাদা-কালো’ শিরোনামে দুটি গান করেছেন ফুয়াদ। এবার আর একটা-দুটো গান নয়, পুরো একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন তিনি। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটির নাম পিকনিক। ফুয়াদ জানালেন, সংগীতায়োজনের পাশাপাশি এ ছবির আবহসংগীতের কাজও করবেন তিনি।বললেন, ‘চলচ্চিত্রের গান করার ভেতর একটা মজা আছে। আগের দুবার কাজ করতে গিয়ে সেটা বুঝতে পেরেছি। একটা পুরো চলচ্চিত্রের গান করার ইচ্ছাটা অনেক আগে থেকেই ছিল। এবার সবকিছু মিলে যাওয়ায় কাজটি করছি।’ পরিচালকের সঙ্গে আলোচনা চূড়ান্ত হলেও ফুয়াদ এখনো কাজ শুরু করেননি। এ ব্যাপারে বলেন, ‘ছবির পুরো গল্পটা শোনা হয়েছে। এখন গানের দৃশ্যগুলো নিয়ে ভাবছি। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করব।’পিকনিক ছবিতে গান থাকবে মোট পাঁচটি। পাশাপাশি একাধিক গানের রিমিক্সও থাকবে। ফুয়াদ বললেন, ‘ছবিটির গানের চেয়ে আমার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে আবহসংগীতের কাজ। প্রথমবারের মতো এ রকম একটা কাজ করার আগে বেশ উত্তেজনা অনুভব করছি।’পিকনিক ছবির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘ফুয়াদ নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা সংগীত আয়োজক। আশা করছি, এই ছবির মধ্য দিয়ে আমরা বলিউডের ছবির মানের কিছু গান শ্রোতাদের উপহার দিতে পারব।’ পরিচালক জানালেন, মাসখানেকের মধ্যে ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটির শুটিং শুরু হবে।