চলচ্চিত্রের গানে বাপ্পা-পুলক-মিমি
‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির জন্য একটি নজরুলসংগীতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, পুলক ও নাজনীন মিমি। ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ শিরোনামের এই গানটিকে ছবিতে পুরোপুরি সুফি ধাঁচে উপস্থাপ করা হবে। গানটির নতুনভাবে সংগীতায়োজন করছেন শওকত আলী ইমন।সম্প্রতি মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ে অংশ নেন বাপ্পা মজুমদার, পুলক ও মিমি।পুলক বর্তমানে যুক্তরাষ্ট্রে। চলচ্চিত্রের গানটিতে কণ্ঠ দেওয়ার ব্যাপারে ফেসবুকে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘আমি সর্বশেষ প্রিয়া আমার জান ছবিতে গান করেছিলাম। অবশ্য সেটিও ছিল সুফি ধাঁচের গান। তবে এবারই প্রথম চলচ্চিত্রের জন্য নজরুলসংগীত করছি। গানটির যে ধরনের সংগীতায়োজন করা হয়েছে, তা সবারই ভালো লাগবে।’পুলক বলেন, ‘এর আগে আলগা করো গো খোঁপার বাঁধন গানটি আমার ‘যাযাবর পুলক’ অ্যালবামে গেয়েছিলাম। গানটির জন্য অনেকের কাছ থেকে প্রশংসাও পেয়েছি। এবার চলচ্চিত্রে গানটি ব্যবহার হচ্ছে, জেনে খুব ভালো লেগেছে। তবে চলচ্চিত্রের জন্য গানটির সংগীতায়োজন ভিন্নভাবে করা হয়েছে। এটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’এ প্রসঙ্গে নাজনীন মিমি বলেন, ‘চলচ্চিত্রে আমি এ পর্যন্ত সাড়ে ৩০০-এর মতো গান করেছি। কিন্তু কখনো নজরুলের গান করা হয়নি। এবারই প্রথম চলচ্চিত্রের জন্য নজরুল সংগীতে কণ্ঠ দিলাম। গানটিতে কণ্ঠ দিতে পেরে খুব ভালো লেগেছে।’‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি পরিচালনা করছেন সানিয়াত্ হোসেন। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নিলয় ও শখ। সানিয়াত্ হোসেন বলেন, ‘বর্তমানে গানটি ছাড়া ছবিটির অন্যান্য দৃশ্যের সম্পাদনার কাজ চলছে। ইচ্ছা আছে সামনের কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেওয়ার।’‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এশা ইউসুফ। তিনি বলেন, ‘এ গানটি ছাড়া পুরো ছবির শুটিং শেষ। খুব শিগগিরই বেশ বড় আয়োজনের মধ্য দিয়ে গানটির শুটিং করা হবে।’বাপ্পা, পুলক ও মিমি ছাড়া ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির অন্যান্য গানে কণ্ঠ দিয়েছেন কণা, তৌসিফ, বেলাল খান কলকাতার রূপরেখা ও তারান্নুম।