চলচ্চিত্রের গানে বেলাল খান-পড়শী
খুদে গানরাজখ্যাত সাবরিনা পড়শী এবার ‘পাগল তোর জন্য’খ্যাত বেলাল খানের সঙ্গে কণ্ঠ দিলেন ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিতে। কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন মাসুদ পথিক। ‘তোমার হূদয় পানে হাঁটতে গিয়ে, সরে যাই দূরে দূরে/ ভালোবাসার আশায় এপার-ওপার, আমি মরি ঘুরে ঘুরে’ শিরোনামের গানটির কথা লিখেছেন মাসুদ পথিক নিজেই। যৌথভাবে গানটির সুর ও সংগীতপরিচালনা করেছেন বেলাল খান ও মুশফিক লিটু। বেলাল খান বলেন, ‘বয়সের তুলনায় পড়শীর কণ্ঠ বেশ পরিপক্ব। কয়েকবার রেকর্ডিংয়ের পর তাঁর গানটি চূড়ান্ত করা হয়েছে। পড়শী অনেক ভালো গেয়েছে। আমি মনে করি, এটি হবে “নেকাব্বরের মহাপ্রয়াণ” ছবির সেরা একটি গান। গানটি সব ধরনের শ্রোতার ভালো লাগবে।’পড়শী বলেন, ‘এর আগে বেলাল ভাইয়ার “আলাপন” অ্যালবামে “ভালোবাসি” শিরোনামে একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছিলাম। এ ছাড়া “অনুরাগ” নামের একটি অ্যালবামে “একলা প্রহর” শিরোনামের একটি দ্বৈতগানে একসঙ্গে কণ্ঠ দিয়েছি। দুটি গানই শ্রোতাপ্রিয় হয়েছে। এবারই প্রথম তাঁর সঙ্গে চলচ্চিত্রে গান করলাম। তিনি অনেক ভালো কাজ করেন। গানটির সুর ও সংগীত অনেক ভালো হয়েছে।’