চলচ্চিত্রের গানে শহীদ-পড়শী
প্রথমবারের মতো একসঙ্গে গান করলেন ‘এক জীবন’খ্যাত ‘দূরবীন’ ব্যান্ডের ভোকাল শহীদ ও নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। তাঁরা দুজন গান করেছেন চলচ্চিত্রের জন্য। নাজিরুল ইসলাম পরিচালিত ছবিটির নাম ‘আমার না বলা ভালোবাসা’। ১৬ জুন লালমাটিয়ায় স্টুডিও দূরবীনে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। একসঙ্গে শহীদ ও পড়শীর এটিই প্রথম কোনো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া। ‘স্বপ্নের মাঝে ডুব দিয়ে তোমায় করি খোঁজ প্রতিদিন’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন এফ এ সুমন।চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে শহীদ বলেন, ‘পড়শী আমার পছন্দের শিল্পীদের একজন। এ প্রজন্মের শিল্পীদের মধ্যে খুব অল্প সময়ে পড়শী তার আলাদা একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। অনেক দিন ধরে গান করলেও আমার আর পড়শীর একসঙ্গে কোনো গান করা হয়নি। এবারই প্রথম আমি ও পড়শী একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলাম। তাও আবার চলচ্চিত্রে। আশা করছি, গানটি ভালো লাগবে।’পড়শী বলেন, ‘শহীদ ভাইয়ার এক জীবন গানটি আমার অনেক পছন্দের। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হতো। কিন্তু একসঙ্গে ভাইয়ার সাথে কোনো গান করা হয়নি। গানটি করে খুব ভালো লেগেছে।’এ ছাড়া পড়শী সম্প্রতি প্রতীক হাসানের সঙ্গে ‘আজব প্রেম’ নামের একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। এটিও তাঁদের দুজনের একসঙ্গে কোনো চলচ্চিত্রে গান করা। আর আজ সোমবার সন্ধ্যায় বেলাল খানের সঙ্গে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ নামের আরেকটি ছবির গানে কণ্ঠ দেবেন।