চলচ্চিত্রের গানে শিরোনামহীনের তুহিন

গানের সঙ্গে আছেন অনেক বছর। ব্যান্ড শিরোনামহীনের হয়ে পদ্মপাতার জল সিনেমায় গান গেয়েছিলেন তুহিন। এবার এককভাবে চলচ্চিত্রের টাইটেল গানে কণ্ঠ দিলেন। স্বপ্ন²পোকা নামের এই ছবিতে তুহিনের গাওয়া গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নীল কামরুল। গানটির কথা লিখেছেন আখতারুজ্জামান আজাদ। ছবিটির পরিচালক মাসুদ আখন্দ। গতকাল শনিবার দুপুরে বারিধারার বেঙ্গল স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তুহিন।
প্রথম আলোকে তুহিন বলেন, ‘চলচ্চিত্রের গানে এককভাবে আগে কোনো দিন কণ্ঠ দেওয়া হয়নি। অন্যরকম একটি অভিজ্ঞতা হলো। খুবই চমৎকার কথা ও সুরের একটি গান গাইলাম। মেটাল রক ধাঁচের এই গানটি অনেকেরই ভালো লাগবে।’
তুহিন আরও বলেন, ‘মাঝে অভিনয় করলেও এখন খুব একটা আগ্রহ পাচ্ছি না। ভালো মানের গল্প পেলে হয়তো অভিনয়ের কথা ভাবব। আমি এখন পুরোপুরি গান নিয়ে আছি।’
নির্মাতা মাসুদ আখন্দ বলেন, ‘একটা স্বপ্ন নিয়েই এ সিনেমার কাজ শুরু করেছি। সবকিছু বেশ পরিকল্পনা করেই এগোচ্ছি। আশা করছি ভালো একটা সিনেমা দেখতে পারবেন দর্শক।’