চ্যানেল নাইনে আজ রাতে ‘ওয়ালটন একক নাটক’ সময়ে প্রচারিত হবে নাটক রক্তের গ্রুপ ও নেগেটিভ। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। নাটকটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। কথা হলো তাঁর সঙ্গে।‘রক্তের গ্রুপ ও নেগেটিভ’ নাটকের গল্পটি কী রকম?নাটকে আমি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করি। সামান্য বেতন। তা দিয়ে সংসার চলে না। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। প্রতি মাসে রক্ত বিক্রি করি। তার পরও সংসার চালাতে হিমশিম খেতে হয়। বাড়িভাড়া ঠিকমতো দিতে পারি না। একসময় নিজেই ভেজাল রক্তের ব্যবসা শুরু করি। অসচ্ছলতা যে একজন সৎ মানুষকে কতটা অসৎ করে তুলতে পারে, তার একটি উদাহরণ এই নাটক।আপনি মাছরাঙা টিভির ‘ক্ষণিকালয়’ ধারাবাহিকের নাট্যকার। আমি কিন্তু এর আগে আরও কয়েকটি বড় ধারাবাহিক লেখার সঙ্গে জড়িত ছিলাম। যেমন—বন্ধন, গৃহগল্প, সাড়ে তিনতলা, ডলস হাউজ, কাছের মানুষ। ক্ষণিকালয় নাটকের গল্প ওগুলো থেকে আলাদা। একজন শিল্পপতি, মন্ত্রী, রাজনীতিবিদ থেকে শুরু করে রাস্তার একজন খেটে খাওয়া মানুষ পর্যন্ত এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র। অনেক চরিত্রের ভিড়ে নানা ধরনের গল্প এসে যুক্ত হয়েছে। বড় ধারাবাহিক লেখার অভিজ্ঞতার কথা বলুন।শিল্পীরা যদি অসহযোগিতা করেন, তাহলে ভালো অভিজ্ঞতা হওয়ার কোনো উপায় নেই। আমাদের শিল্পীরা এখন অনেক ব্যস্ত। শুটিংয়ের সময় অনুপস্থিত। হুট করে দেশের বাইরে চলে যাচ্ছেন। একজন নাট্যকার তো একটা ভাবনা থেকে নাটকের গল্প তৈরি করেন। শিল্পীদের কারণে তাতে ব্যাঘাত ঘটে। মূল গল্পের গতি নষ্ট হয়। আর কিছু লিখছেন?এবারই প্রথম চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছি। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে আফসানা মিমি একটি ছবি তৈরি করবেন, নাম ক্যাম্প। সম্প্রতি চূড়ান্ত চিত্রনাট্য জমা দিয়েছি। এখন শুটিংয়ের প্রস্তুতি চলছে।