চলচ্চিত্রের জন্য জমকালো এক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবারই এতটা জাঁকজমকভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটা সময় ধরে আমাদের অনুষ্ঠান দেখেছেন, আমাদের সঙ্গে ছিলেন, এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় পাওয়া’। কথাগুলো বলছিলেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান।১০ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে বিজয়ীদের মধ্যে সনদ ও অর্থ সম্মানীর চেক দেওয়া হয়। এবার শিল্পী ও কলাকুশলীদের পাঁচ হাজার টাকার পরিবর্তে ৩০ হাজার টাকার সম্মানী দেওয়া হয়। আর সেরা পরিচালক ও শ্রেষ্ঠ ছবির প্রযোজক পান ৫০ হাজার টাকা করে সম্মানী। আগে এ সম্মানী ছিল১০ হাজার টাকা। চলচ্চিত্রশিল্পের উন্নয়নের স্বার্থে সরকারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ‘আপনারা ভালো চলচ্চিত্র উপহার দেবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব।’ তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও র আগে তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানে বক্ততা করেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে উপস্থিত শিল্পী ও কলাকুশলীরা চলচ্চিত্রের আগামী দিনগুলোর ব্যাপারে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেন। শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী চলচ্চিত্রের জন্য যে সহযোগিতা করার কথা বলেছেন, তাতে আমরা আনন্দিত। আশা করব, সরকার ভবিষ্যতে আমাদের জন্য আরও বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।’পুরস্কার প্রদান শেষে চলচ্চিত্রশিল্পী ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠান উপভোগ করেন।শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার নৃত্য ছিল বেশ উপভোগ্য। শাকিব খান ও অপু বিশ্বাস চলচ্চিত্রের গানের সঙ্গে পারফর্ম করেন। সংগীত পরিবেশন করেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। চলচ্চিত্রের জন্য সবচেয়ে বড় হুমকি ভিডিও পাইরেসি। এর ওপর একটি নাটিকা প্রদর্শন করা হয়। এ টি এম শামসুজ্জামানসহ আরও অন্য অভিনয়শিল্পীরা নাটিকায় অংশ নেন। এ ছাড়া নাটিকাটিতে চলচ্চিত্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।পুরস্কার পাননি শাবনূর। তিনি আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বললেন, ‘সত্যি এবারের অনুষ্ঠানটি ছিল অন্য রকম। আগে এতটা জাঁকজমকভাবে পুরস্কার দেওয়া হয়নি। নিজে পুরস্কার পাইনি, কিন্তু যাঁরা পেয়েছেন, তাঁদের অভিনন্দন জানাতেই এখানে এসেছি।’পুরস্কার বিজয়ী ছাড়াও চলচ্চিত্রের একাধিক অভিনয়শিল্পী এসেছিলেন এই অনুষ্ঠানে।সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেশি চলচ্চিত্রের সফল জুটি মৌসুমী ও ফেরদৌস।মৌসুমী বললেন, ‘একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান উপস্থাপনা করেছি আসলে নিজের মনের আনন্দে। মনে হয়েছে এটি আমাদের অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি প্রত্যাশার চেয়েও অনেক ভালো হয়েছে।’২০০৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ চলচ্চিত্র (চন্দ্রগ্রহণ) স. আজম ফারুক, সেরা পরিচালক (চন্দ্রগ্রহণ) মুরাদ পারভেজ, শ্রেষ্ঠ সংগীত পরিচালক (চন্দ্রগ্রহণ) ইমন সাহা, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক (কী যাদু করিলা) মাসুম বাবুল, শ্রেষ্ঠ অভিনেতা (কী যাদু করিলা) রিয়াজ, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্র (স্বপ্ন পূরণ) শামস সুমন, শ্রেষ্ঠ খল চরিত্রে অভিনেতা (চন্দ্রগ্রহণ) জহির উদ্দিন পিয়ার, শ্রেষ্ঠ অভিনেত্রী (মেঘের কোলে রোদ) পপি, পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতী দুজন (চন্দ্রগ্রহণ) দিলারা জামান ও চম্পা, শ্রেষ্ঠ কাহিনিকার (মেঘের কোলে রোদ) মোহাম্মদ রফিকুজ্জামান, শ্রেষ্ঠ গায়ক (কী যাদু করিলা) এন্ড্রু কিশোর, শ্রেষ্ঠ সংগীতশিল্পী নারী (বলবো কথা বাসর ঘরে) কনকচাঁপা, শ্রেষ্ঠ সুরকার (কী যাদু করিলা) আলম খান, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (চন্দ্রগ্রহণ) মাহফুজুর রহমান খান, শ্রেষ্ঠ গীতিকার (মেঘের কোলে রোদ) কবির বকুল, শ্রেষ্ঠ শব্দগ্রাহক (কী যাদু করিলা) মো. রেজাউল করিম, শ্রেষ্ঠ সম্পাদনা (কী যাদু করিলা) মো. সহিদুল হক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক (মেঘের কোলে রোদ) মো. কলমতর, শ্রেষ্ঠ শিশুশিল্পী (এক টাকার বউ) দিঘী ও ওয়াফা (আমার আছে জল) শ্রেষ্ঠ রূপসজ্জাকর (মেঘের কোলে রোদ) মো. শামছুল ইসলাম। জাঁকজমকভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনে তথ্য মন্ত্রণালয়, চলচ্চিত্র সেন্সর বোর্ড, এফডিসি কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষও বড় ভূমিকা রাখে। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।