চলচ্চিত্রের ডাবিং শিল্পীরা

হালের বাংলা চলচ্চিত্র দেখেন কিন্তু অপু বিশ্বাসকে চেনেন না এমন কেউ কি আছেন? জরিপ ছাড়াই বলে দেওয়া যায়—নেই। ভারতের রচনা ব্যানার্জি, ঋতুপর্ণাকেও কি না চেনার কোনো কারণ আছে? এবারও একই উত্তর—নেই। এবার যদি এদের সঙ্গে আর একটা নাম জুড়ে দেওয়া হয়, চিনবেন? নামটি হলো তনিমা আহমেদ। অনেকেই উসখুস করে উঠবেন। না! এ নামটি তো ঠিক চেনা নয়! চিনবেন কী করে! তাঁকে তো দেখা যায় না সিনেমায়।
তাহলে?
হ্যাঁ, এ বিষয়টি নিয়েই কথা হবে আজ। তনিমাকে না চিনলেও তাঁর কণ্ঠ শুনেছেন চলচ্চিত্রের দর্শকেরা। তনিমা এই চলচ্চিত্র তারকাদের হয়ে ডাবিং করেন। অর্থাৎ ঠোঁট নড়ছে অপু বিশ্বাসের, কিন্তু শব্দগুলো উচ্চারণ করছেন তনিমা।
শুধু এফডিসিতে ডাবিং করেই তারকাখ্যাতি পেয়েছেন তনিমা আহমেদ। কাজটি প্রথম শুরু করেন ১৯৮৮ সালে। রেডিওতে কাজ করার সময় প্রিয়া তুমি ছবিতে প্রথম কণ্ঠ দেন। ওই ছবিতে সন্ধ্যা নামে একজন নতুন নায়িকার কণ্ঠ দিয়েছিলেন। এরপর থেকে মুনমুন, ময়ূরী, কেয়া, শিমলা, বর্ষাসহ একাধিক নায়িকার কণ্ঠ দেন তিনি। অপু বিশ্বাসের প্রথম ছবি কোটি টাকার কাবিন থেকে শুরু করে অপু অভিনীত প্রায় ৬০টি ছবিতেই এই নায়িকার কণ্ঠ দিয়েছেন তনিমা। সবশেষ রাজনীতি ছবিতেও অপুর মুখে শোনা যাবে তনিমার বলা সংলাপ। তনিমা বললেন, ‘আমি মনে করি, এটি একটি সৃজনশীল কাজ। আর ছবির ৭০ ভাগ কাজই সঠিকভাবে ডাবিং করার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া যায়।’

কণ্ঠের ভিন্নতা প্রসঙ্গে তনিমা বলেন, ‘পর্দার সামনে বসে নায়িকার অ্যাকশন-রিঅ্যাকশন দেখেই কণ্ঠের ভিন্নতা চলে আসে।’
এবার সাজ্জাদ আলীর কথা শোনা যাক। কবুল ছবিতে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে দরাজ কণ্ঠে প্রতিশোধের হুংকার দিয়ে উঠেছিলেন খলনায়ক জাম্বু। দর্শক হয়তো জানেন না, ওই দরাজ কণ্ঠ জাম্বুর নয়, ডেভিডের; যাঁর পুরো নাম সাজ্জাদ আলী। চলচ্চিত্রের শিল্পীরা তাঁকে ডেভিড নামেই চেনেন। ডেভিড একসময় ছিলেন সহকারী পরিচালক। ১৯৮৮ সালে সেই পরিচয় ছাপিয়ে হয়ে যান ডাবিং শিল্পী। ডেভিড বলেন, ‘সব সময়ই জাম্বুর কণ্ঠ দিতেন এরফান আহমেদ। কিন্তু কোনো কারণে কবুল ছবির ডাবিংয়ে তাঁকে পাওয়া যায়নি। আমার কণ্ঠ ভরাট দেখে পরিচালক আমাকে জাম্বুর ডাবিংটা করে দিতে বলেন।’ পরবর্তী সময়ে খলনায়ক চরিত্রে ইলিয়াস কোবরার কণ্ঠ দেওয়া শুরু করেন তিনি। ডেভিড জানালেন, এ পর্যন্ত প্রায় ১০০ ছবিতে ইলিয়াস কোবরার কণ্ঠ দিয়েছেন তিনি।
চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি নিয়মিত ডাবিং করেন সাইমন তারিক। তাঁকে মূলত খলনায়কসহ বিভিন্ন চরিত্রাভিনেতার কণ্ঠ দিতে দেখা যায়। পরিচালক হওয়ার কারণে এই কণ্ঠ দেওয়ার কাজটি তাঁর কাছে বেশ সহজ হয়ে যায়। সাইমন তারিক জানান, গত পাঁচ বছরে প্রায় ৮০টি ছবিতে কণ্ঠ দিয়েছেন।
নায়িকা থেকে শুরু করে একাধিক চরিত্রের কণ্ঠ দেন মেরিনা আফরোজ। সিনেমায় কণ্ঠ দেওয়ার কাজ শুরু করেছেন সেই পাঁচ বছর বয়সে। ১৯৯৭ সালে গাজী মাজহারুল আনোয়ারের ক্ষুধা ছবিতে প্রথম একজন শিশুশিল্পীর কণ্ঠ দিয়েছিলেন তিনি। এরপর বড় হয়ে নায়িকা রত্না, তমা মির্জাসহ একাধিক নতুন নায়িকার কণ্ঠ দিয়েছেন তিনি।