চলচ্চিত্রের নতুন তারার খোঁজে
বাংলাদেশি চলচ্চিত্রে নতুন মুখ উপহার দেওয়ার লক্ষ্যে শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ট্যালেন্ট হান্ট’বিষয়ক রিয়েলিটি শো ‘নতুন মুখের সন্ধানে—ফিল্ম স্টার সার্চ’। নতুন নায়ক-নায়িকা, খলনায়ক, কৌতুক অভিনেতা খুঁজে বের করার এ প্রতিযোগিতার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন শুভংকর চট্টোপাধ্যায়। শুভংকর কলকাতার জি-বাংলা টিভির একাধিক জনপ্রিয় রিয়েলিটি শোর নির্মাতা।সম্প্রতি কলকাতায় ফিল্ম স্টার সার্চের উদ্যোক্তা অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরীর সঙ্গে শুভংকর চট্টোপাধ্যায় এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। স্বপন চৌধুরী জানান, ‘বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দুই বাংলায় শুভংকরের আলাদা একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তাঁর অনুষ্ঠানগুলোও বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। আমাদের অনুষ্ঠানটির জন্য এমন একজনকেই খুঁজছিলাম। অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তাই শুভংকরকেই চেয়েছি। আশা করছি, শুভংকর আমাদের ভালো মানের একটি অনুষ্ঠান উপহার দেবেন।’বাংলাদেশের ৬৪ জেলা থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে এ অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে দুবাইয়ের শারজাহ স্টেডিয়ামে। সেখানে বলিউড সুপারস্টার শাহরুখ খান পারফর্ম করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন বলে জানান স্বপন চৌধুরী। সেপ্টেম্বর-নভেম্বর নাগাদ শুরু হবে এ প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব। ‘তারকাযুদ্ধের জন্য তৈরি হও’ স্লোগানের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদের এসএমএসের মাধ্যমে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে। শুভংকর চট্টোপাধ্যায় জি বাংলার ‘মীরাক্কেল’, ‘দাদাগিরি’ ও ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মতো জনপ্রিয় টিভি রিয়েলিটি শো পরিচালনা করছেন। চলচ্চিত্রশিল্পকে আন্তর্জাতিক বাজারে এক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যেই অন্তর শোবিজ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) ও এটিএন বাংলা যৌথভাবে আয়োজন করছে ‘নতুন মুখের সন্ধানে—ফিল্ম স্টার সার্চ’।