চলচ্চিত্রের পথে মৌসুমী হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে মৌসুমী হামিদের মিডিয়ায় পথ চলার শুরু। এরপর টিভি নাটকে নিয়মিত হয়েছেন। বড়পর্দায় প্রথম কাজ করেন অনিমেষ আইচ পরিচালিত ‘না মানুষ’ চলচ্চিত্রে। নাটকে অভিনয় করলেও মৌসুমীর লক্ষ্য ছিল চলচ্চিত্রে নিয়মিত হওয়া। সে পথেই হাঁটছেন তিনি। তারই ধারাবাহিকতায় নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানারআপ মৌসুমী হামিদ। নাম চূড়ান্ত না হওয়া ছবিটির পরিচালক সাফি উদ্দিন সাফি। গতকাল শুক্রবার মৌসুমী নতুন ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেন।

মৌসুমী বলেন, ‘নাটকে অভিনয় করলেও আমি বরাবরই সিনেমায় নিয়মিত হতে চেয়েছি। আমার টার্গেটও ছিল তাই। নতুন ছবিটি সেই প্রক্রিয়াটা আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। আমি অনেক বেশি খুশি। পরিচালক গল্পটা যেভাবে শুনিয়েছেন তাতেও আমি মুগ্ধ। আশা করছি, ভালো কিছু একটা হবে।’

সামনের নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে বলেই জানিয়েছেন মৌসুমী। এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ। নতুন এই ছবিতে মৌসুমীর সহশিল্পী সায়মন। আরও আছেন কেয়া।

এদিকে, মৌসুমী হামিদ এখন ‘ব্ল্যাকমেইল’ নামের একটি ছবির শুটিং করছেন। ছবিটিতে মৌসুমী অভিনয় করছেন আনিসুর রহমান মিলনের বিপরীতে।

মৌসুমী হামিদের প্রথম চলচ্চিত্রে অভিনয় অনিমেষ আইচ পরিচালিত ছবি দিয়ে। এরপর তিনি প্রশান্ত অধিকারীর হাডসনের ‘বন্দুক’ ও আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ সিনেমায় অভিনয় করেছেন।