চলচ্চিত্রের মোহে পড়েছেন টাইসন
মারকুটে মুষ্টিযোদ্ধা মাইক টাইসন বোধহয় বক্সিং রিংয়ের বাইরে চলচ্চিত্রের ঝমক আর রঙের জেল্লায় মোহাবিষ্ট হয়েছেন। সম্প্রতি জানা গেছে, ‘স্ক্যারি মুভি ৫’ নামের একটি চলচ্চিত্রে আবার অভিনয় করতে যাচ্ছেন টাইসন। চলচ্চিত্রে টাইসনের শুরুটা হয়েছিল ‘ক্রোকোডাইল ডান্ডি’ ছবিটি দিয়ে। এরপর করেছেন ‘হ্যাংওভার’, তারপর ‘হ্যাংওভার ২’। এক খবরে জানিয়েছে টিএমজি।এরই মধ্যে জর্জিয়ার আটলান্টায় ‘স্ক্যারি মুভি ৫’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মাইক টাইসন। কৌতুকপ্রদ এ ভৌতিক ছবিটি পরিচালনা করছেন মার্কিন চিত্রনির্মাতা ও অভিনেতা ম্যালকম ডি লি। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন লিন্ডসে লোহান, চার্লি শিন, মলি শ্যানন, এরিকা অ্যাশ, অ্যাশলে টিসডেল প্রমুখ।ছবির বিভিন্ন দৃশ্যে ‘ব্ল্যাক সোয়ান’, ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’, ‘চাইল্ড’স প্লে’, ‘১২৭ আওয়ারস’, ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস’ ও ‘ইনসেপশন’ ছবিগুলো নিয়ে কৌতুক করা হয়েছে। ‘স্ক্যারি মুভি ৫’ মুক্তি পাবে ২০১৩ সালের ১৯ এপ্রিল।