চলচ্চিত্রের শুটিং করছেন শাবনূর
ভালোবাসা সেন্টমার্টিনে ছবির কাজ আটকে আছে চার বছর হলো। ছবিটির জন্য দু-দুবার শিডিউল দিয়েও কাজ না করে অস্ট্রেলিয়া চলে যান শাবনূর। সম্প্রতি শাবনূর দেশে ফিরে আসার পর পরিচালক শহিদুল ইসলাম খোকন চলচ্চিত্র শিল্পী সমিতিতে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। পরে চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যস্থতায় শাবনূর ছবিটির জন্য নতুন করে শিডিউল দেন। হ্যাঁ, ৬ সেপ্টেম্বর থেকে ভালোবাসা সেন্টমার্টিনে ছবির কাজ করছেন শাবনূর। শহিদুল ইসলাম বললেন, ‘দীর্ঘ চার বছর ধরে আমি ছবিটির কাজ শেষ করতে পারছিলাম না। প্রযোজকের কাছে আমি দায়বদ্ধ ছিলাম, তাই ছবিটির কাজ শেষ করার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি। শাবনূর এবার তাঁর কথা রেখেছেন। তাঁকে ধন্যবাদ।’শাবনূর বললেন, ‘নানা সমস্যার কারণেই কাজটা শেষ হয়নি। এর আগে আমি শিডিউল দিয়েছি, কিন্তু সেই সময় কাজ করতে পারেননি তাঁরা। আর আমি দেশে ছিলাম না। যা হোক, এখন আমরা ছবিটির শুটিং শেষ করার জন্যই কাজ করছি। আশা করছি, এবার ছবির কাজ শেষ হবে।’