চলচ্চিত্রের সংগীত পরিচালনায় ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সেরাকণ্ঠ খ্যাত সংগীতশিল্পী ইমরান। এবারে চলচ্চিত্রের সংগীত পরিচালনা করলেন তিনি। সংগীত পরিচালনার পাশাপাশি এ চলচ্চিত্রের একটি গানেও কণ্ঠ দিয়েছেন ইমরান। দ্বৈতকণ্ঠের এ গানটিতে ইমরানের সহশিল্পী ন্যান্সি। গত বৃহস্পতিবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। প্রেমবাজ শিরোনামের এই চলচ্চিত্রের জন্য গানটি তৈরি করা হয়েছে। ছবিটি পরিচালনা করবেন শাহীন কবির।প্রথমবারের মতো চলচ্চিত্রের সংগীত পরিচালনা প্রসঙ্গে ইমরান বলেন, ‘চলচ্চিত্র অনেক বড় একটা মাধ্যম। এখানে কাজ করার স্বপ্ন শুরু থেকে। অন্য সংগীত পরিচালকদের সংগীত পরিচালনায় এর আগে কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলাম। এবারে নিজের সুর ও সংগীত পরিচালনায় গানে কণ্ঠ দিতে পেরে স্বপ্ন পূরণের পথে হাঁটছি বলে মনে হচ্ছে।’এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘প্রেমবাজ ছবির গানের আগেও ইমরানের সংগীত পরিচালনায় কাজ করেছি। বয়সে তরুণ হলে সংগীত পরিচালনার জন্য যে গুণ একজন মানুষের মধ্যে থাকার দরকার তার পুরোটাই ইমরানের মধ্যে আছে। আমার মনে হয়েছে সে অনেক ভালো করবে।’চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার পর গত বছর নিজের প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নলোক-এর মধ্য দিয়ে সংগীত পরিচালনায় ইমরানের অভিষেক। এ বছর নিজের কাজের বাইরেও নির্ঝরের ‘স্বপ্নমুখী’, নুসরাতের ‘ভালোবাসি’, পূজার ‘পূজা’, নওমীর ‘নওমী’সহ আরো বেশ কয়েকটি অ্যালবামের জন্য গান করেন তিনি।