চলচ্চিত্রের সংগীত পরিচালনায় পার্থ
এবারই প্রথম এককভাবে একটি পুরো ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন পার্থ মজুমদার। ছবির নাম তখন বসন্ত। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অনুরূপ আইচ। পরিচালনা করছেন বিপ্লব হায়দার।ছবিতে গান থাকছে ছয়টি। এর মধ্যে চারটি একক ও দুটি দ্বৈত কণ্ঠে গাওয়া। এরই মধ্যে পার্থ মজুমদার তাঁর নিজস্ব স্টুডিও গ্যারেজে তিনটি গানের রেকর্ডিং শেষ করেছেন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, এস আই টুটুল ও মাহমুদুজ্জামান বাবু।অন্য গানগুলোতে কণ্ঠ দেবেন সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার ও পারভেজ।পার্থ মজুমদার বলেন, ‘প্রথমবারের মতো পুরো ছবির গানের সুর ও সংগীত পরিচালনার কাজ করছি। ভালো লাগাটা যেমন কাজ করছে, তেমনি একটা চাপও অনুভব করছি। ছবির গল্পটা অনেক রুচিশীল মনে হয়েছে। যত দূর সম্ভব, ভালোভাবে কাজটি করার চেষ্টা করছি।’পার্থ জানালেন, ছবিতে সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি একটি গানের কথাও লিখেছেন তিনি। এর আগে এস আই টুটুলের সঙ্গে একাধিক চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন পার্থ।পরিচালক সূত্রে জানা গেছে, তখন বসন্ত ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস।পার্থ মজুমদারের ছোট ভাই বাপ্পা মজুমদার দীর্ঘদিন ধরে গান করছেন। এর আগে বাপ্পা শুভ বিবাহ ছবিতে গান করেছেন।