চলচ্চিত্রের সঙ্গে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিলের ৩ তারিখ বিকেল চারটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে যেতেই মূল গেটে চোখ আটকে গেল। একি দেখছি! জহিরুল হক পরিচালিত কি যে করি সিনেমার পোস্টারের ফেস্টুন সাঁটানো দেয়ালে। সেখানে লেখা, ‘আসিতেছে, আসিতেছে।’ এখানেই শেষ নয়। দুপাশে আরও দুটো সিনেমার পোস্টারের ফেস্টুন রয়েছে। আমির হোসেন পরিচালিত যে আগুনে পুড়ি, বশীর হোসেন পরিচালিত ১৩ নং ফেকু ওস্তাগার লেন। সবগুলো ফেস্টুনেই সেই এক ঘোষণা। এটা কি পুরোনো চলচ্চিত্রগুলোর নতুন করে মুক্তি পাওয়ার ঘোষণা! ভুলটা ভাঙল ওপরের ব্যানারটি দেখে। জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে ৩ এপ্রিল চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে শুরু হয়েছে দুর্লভ পোস্টার প্রদর্শনী। ৫ এপ্রিল পর্যন্ত তা চলেছিল। প্রদর্শনীটি আয়োজন করেছে যৌথভাবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গ্যালারিতে ঢুকতেই দেখা গেল, অনেকেই এসেছেন পুরোনো দিনের বৈচিত্র্যময় পোস্টারগুলো দেখতে। তেমনি একজন চন্দ্রশেখর বালা। তিনি বলেন, ‘এতকাল আগে, অসাধারণ সব পোস্টার বানানো হতো। সত্যিই অবিশ্বাস্য! সুতরাং ছবির পোস্টারটা খুব ভালো লেগেছে। সাদাসিধে অলংকরণ। অথচ কত কথা বলতে চাইছে।’দূরদেশ ছবির পোস্টার দেখছিলেন সৈয়দ মামুন। তিনি বলেন, ‘এই ছবিটি আমি ফুপুর কোলে বসে দেখেছিলাম। পোস্টারটি যেন আমাকে সেই অতীতের স্মৃতির কাছে নিয়ে যাচ্ছে।’বীথি রায় পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি বলেন, ‘সত্যিই ইউনিক ব্যাপার! অতীতে এ রকম মানসম্মত পোস্টার বানানো হতো! ভাবতে অবাক লাগছে, এগুলো বাণিজ্যিক ছবির পোস্টার। কোথাও অশ্লীলতার ছিটেফোঁটা নেই।’ প্রদর্শনীটি ৩ এপ্রিল বিকেলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উদ্বোধন করেন। তিনি বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে। যারা এত পুরোনো ছবির পোস্টার সংরক্ষণ করেছে। অতীতে যেমন আমাদের চলচ্চিত্রের অন্য দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করার সামর্থ্য ছিল, আজও তেমনি আছে। বর্তমান সরকার, চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। ফলে দেশের চলচ্চিত্র আবারও যোগ্যতা আর দক্ষতা নিয়ে হাজির হতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।’উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহার, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ প্রমুখ।মাটির পাহাড়, তালাশ, রূপবান—সোনালি যুগের এ রকম ৬৭টি ছবির দুর্লভ পোস্টার প্রদর্শন করা হয়েছে এ প্রদর্শনীতে। এ বিষয়ে কথা হলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহারের সঙ্গে। তিনি বলেন, ‘এই পোস্টারগুলো দেখলে দর্শক বুঝতে পারবে, কত মেধা, মননশীলতা আর সৃজনশীলতার মাধ্যমে সেই সিনেমাগুলো তৈরি করা হয়েছিল। পুরোনো সময়গুলো কেমন ছিল, এটা মনে করিয়ে দেওয়া আমাদের এই প্রদর্শনীর অন্যতম একটি উদ্দেশ্য। ফলে যাঁরা সিনেমা বানাতে চান, তাঁরাও আইডিয়া পাবেন। দর্শকদেরও রুচি তৈরি হবে।’চলচ্চিত্র দিবস উপলক্ষে আরও কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ৩ এপ্রিল সকালে এফডিসি থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে অভিনয়শিল্পীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ ছাড়া ৩ থেকে ৫ এপ্রিল এফডিসিতে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।এ উপলক্ষে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ৩ থেকে ৫ এপ্রিল শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল। সেখানে মুখ ও মুখোশ, আসিয়া, কাচের দেয়াল, সুতরাং, আগামী, মেঘের অনেক রং ও সীমানা পেরিয়ে এই সাতটি চলচ্চিত্র দেখানো হয়। প্রদর্শনী সম্পর্কে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোরশেদুল ইসলাম বলেন, ‘আমরা যে সাতটি ছবি দেখাচ্ছি, সেগুলোর প্রতিটির আলাদা আলাদা বিশেষত্ব আছে। যেমন মুখ ও মুখোশ বাংলাদেশের প্রথম সিনেমা। আগামী ছবিটি বাংলাদেশ শর্ট ফিল্ম আন্দোলনের প্রথম ছবি। মুক্তিযুদ্ধভিত্তিক ছবি মেঘের অনেক রং। আমরা চেয়েছি, দর্শকেরা এই ছবিগুলো দেখে ভালো ছবি দেখার প্রতি উৎসাহী হোক।’