চলচ্চিত্রের সচিত্র ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে চলচ্চিত্র দিব​েসর অনুষ্ঠানে গান করেন শিল্পী দিনাত জাহান। পেছনের পর্দায় ভেসে ওঠে মূল গানের দৃশ্য l ছবি: প্রথম আলো
জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে চলচ্চিত্র দিব​েসর অনুষ্ঠানে গান করেন শিল্পী দিনাত জাহান। পেছনের পর্দায় ভেসে ওঠে মূল গানের দৃশ্য l ছবি: প্রথম আলো

শিল্পকলা একাডেমীতে চলছিল চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। তো, বাসে করে মৎস্য ভবনের সামনে নেমে হাঁটা শুরু করতে না করতেই থামতে হলো। এক চানাচুর বিক্রেতার ভ্রাম্যমাণ দোকানে গান বাজছে, ‘চল্ যাই চল্ যাই সবে সিনেমা দেখি, সিনেমার নাম হইল পরানপাখি’। নিছক কাকতাল?
সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের লবিতে গতকাল শুক্রবার বিকেলে শুরু হয় জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে প্রদর্শনীটি। ষাটের দশক থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের অর্ধশতাধিক চলচ্চিত্রের পোস্টার প্রদর্শিত হয়েছে এখানে, যা এক অর্থে চলচ্চিত্রের সচিত্র ইতিহাসও বটে।
ষাট ও সত্তরের দশকের সিনেমার পোস্টারে প্রাধান্য পেত কাহিনি। পরের দিকে প্রাধান্য পায় অভিনেতাদের মুখ। সুতরাং, নীল আকাশের নিচে, ধারাপাত সিনেমাগুলোর পোস্টারের ধরন আমার সংসার, শেষ পরিচয় সিনেমার পোস্টারের মতো নয়।
ছিল আরেক প্রবণতা—জনপ্রিয় সাদাকালো সিনেমাগুলোকে রঙিন করার। রঙিন নবাব সিরাজউদ্দৌলা, রঙিন সাত ভাই চম্পা তার উদাহরণ। আবার একসময় ভিনদেশি অভিনয়শিল্পীরাও এসে অভিনয় করে গেছেন, এটাই বা কজন জানি আমরা। কাজী জহিরের ফুলের মালায় অভিনয় করে গেছেন ভারতের সন্ধ্যা রায়। এমনকি রাজেশ খান্নাও অভিনয় করেছিলেন বিরোধ নামের একটি চলচ্চিত্রে।
পোস্টারের সঙ্গে ছিল প্রয়াত চলচ্চিত্রজনদের ছবি। তাতে ছিলেন প্রথম সবাক বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর আব্দুল জব্বার খান থেকে শুরু করে মাটির ময়নার তারেক মাসুদ পর্যন্ত মোট ২৬ জন প্রয়াত নির্মাতা ও শিল্পীর প্রতিকৃতি।
সন্ধ্যায় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়নে ছিল আলোচনা অনুষ্ঠান। পুরো আয়োজনের উদ্বোধন করেন নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকি। বক্তব্য দেন নির্মাতা নোমান রবিন, কবি ও নির্মাতা টোকন ঠাকুর ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। এরপর ছিল পুরোনো দিনের চলচ্চিত্রের জনপ্রিয় গান।