চলছে এশিয়ান কিউরেটরিয়াল ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী

সমকালীন কিউরেটিং চর্চার ওপর আলোচনা অনুষ্ঠান ‘এশিয়ান কিউরেটরিয়াল ফোরাম ২০১৭’ শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। তিন দিনব্যাপী এই আয়োজনে এশিয়ার বিভিন্ন দেশের শিল্পী ও কিউরেটর আলোচনায় অংশ নিচ্ছেন। আগামীকাল শেষ হবে এ আয়োজন। 

বেঙ্গল ফাউন্ডেশন, বৃত্ত আর্টস ট্রাস্ট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে তাইওয়ানের কুয়ান্দু চারুকলা জাদুঘর এবং জাতীয় সংস্কৃতি ও শিল্পকলা ফাউন্ডেশনের আয়োজনে এই এশিয়ান কিউরেটরিয়াল ফোরাম হচ্ছে।
বেঙ্গল ফাউন্ডেশন সূত্র জানায়, শিল্পী, শিল্পকর্ম, প্রদর্শনী ও শিল্পকর্ম রক্ষণাবেক্ষণ ক্ষেত্রকে শিল্পের ভাষায় ‘আর্ট ইকোসিস্টেম’ বলা হয়। এখানে কিউরেটর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এশিয়া মহাদেশের শিল্পের ক্ষেত্রেও ধীরে ধীরে স্বীকৃতি পাচ্ছে বিষয়টি। ‘এশিয়ান কিউরেটরিয়াল ফোরাম ২০১৭’ এই আর্ট ইকোসিস্টেমে একটি সময়োচিত অবদান রাখার লক্ষ্যে আয়োজিত।
আজ প্রথম অধিবেশনে ঢাকা আর্ট সামিট নিয়ে উপস্থাপনা পরিবেশন করেন সামদানি আর্ট ফাউন্ডেশনের ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স এমিলি ডোলান ও কিউরেটরিয়াল অ্যাসিস্ট্যান্ট রুক্মিণী চৌধুরী। এ অধিবেশনে আলোচনার বিষয় ছিল, নতুন কথোপকথনের গঠন। ভিয়েতনামের ন্যু হুই গ্যেন, তাইওয়ানের নিয়েন পু এলিস কো, শ্রীলঙ্কার শারমিনি পেরেইরা ও ভারতের বিদ্যা শিভাদাস আলোচনায় অংশ নেন। এরপর দ্বিতীয় অধিবেশনে থাকছে ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিংকট, বৃত্ত আর্টস ট্রাস্ট ও পাঠশালা পরিদর্শন।
গতকাল সকালে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে আলোচকেরা এশিয়া মহাদেশে শিল্পকলা কিউরেটিং বিষয়ে বিভিন্ন ধারণা ও চর্চার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং কুয়ান্দু চারুকলা জাদুঘরের পরিচালক তেহ আই চু।
উদ্বোধনী দিনে দুটি পর্বে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের বিষয় ছিল, এশিয়ার প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় একজন কিউরেটরের বিভিন্নমুখী ভূমিকা। বেঙ্গল ফাউন্ডেশনের ভিজ্যুয়াল আর্ট বিভাগের উপদেষ্টা হেড্রিয়ান ডিয়াজের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের তৈয়বা বেগম লিপি, নেপালের সংগীতা থাপা ও থাইল্যান্ডের পিচায়া সুফাভানিজ। দ্বিতীয় পর্বে উঠে আসে আঞ্চলিক প্রেক্ষাপটকে একজন কিউরেটরের কাজের মধ্যে প্রতিফলন ঘটানোর প্রক্রিয়া। শিল্পে বিশ্বায়নের প্রভাব এবং আঞ্চলিক প্রেক্ষাপটের সমন্বয় সাধন কিউরেটরের জন্য কতখানি গুরুত্বপূর্ণ তা আলোচকেরা তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বর্ণনা করেন। এ পর্বে অংশগ্রহণ করেন মালদ্বীপের উমাইর বাধিউ, পাকিস্তানের জারমিনি শাহ, চীনের ফেং ফেং ও মালয়েশিয়ার লিয়ান হেং ইয়হ। এই পর্ব সঞ্চালনা করেন তাইওয়ানের কুয়ান্দু জাদুঘরের কিউরেটর নবুও তাকামরি। এ ছাড়া শিল্পী ওয়াকিলুর রহমান গ্যালারি কলাকেন্দ্র এবং শিল্পী শেহজাদ চৌধুরী লঙ্গিচিউড ল্যাটিচিউড আর্ট প্ল্যাটফর্মের ওপর উপস্থাপনা পরিবেশন করেন। ফোরাম শেষে দুই দিনব্যাপী একটি ওয়ার্কশপও অনুষ্ঠিত হবে।