
চেঙ্গিস খান কত বছর শাসন করেছিলেন বলতে পারেন? টানা ২১ বছর। তাঁকে বলা হয় খানদের খান। বলিউডের খানরা সেই চেঙ্গিস খানের বংশধর না হলেও কিসে কম বলুন! নামের শেষে ‘খান’ পদবি নিয়ে তাঁরাও অর্জন করেছেন শাসন করার ক্ষমতা। যদিও এই সাম্রাজ্য রুপালি পৃথিবীর, তবু সময়ের হিসাবে চেঙ্গিস খানকেও ছাড়িয়ে গেছেন বলিউডের এই খানরা। দুই দশকের বেশি সময় পার হয়ে গেল, বলিউড সাম্রাজ্যের শাসন ভার এখনো খানদের হাতেই। আর তাই তো ঈদ-পূজা-দীপাবলি কিংবা বড়দিনের মতো উৎসবগুলো এলে এখনো বলিউড তাকিয়ে থাকে সেই খানদের দিকেই। ব্যতিক্রম হয়নি এবারের ঈদেও।
ঈদ উৎসবে বেশ কয়েক বছর ধরে বলিউডের দর্শকেরা পেয়ে এসেছেন সালমান খানের ছবি। ওয়ান্টেড দিয়ে ঈদে সালমানের ছবির জনপ্রিয়তার ধারা শুরু হয় ২০০৯ সালে। এর পর থেকেই যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল, ঈদ মানেই সাল্লুর হিট ছবি। আর প্রতি ঈদেই সালমানের ছবি বক্স অফিসে বাজিমাত করেছে। ওয়ান্টেড (২০০৯), দাবাং (২০১০), বডিগার্ড (২০১১) ও এক থা টাইগার (২০১২)—গত চার বছরের চারটি ঈদের সেরা ছবিই সালমানের।
তবে সুপার-ডুপার হিট সেই সব ছবির ধারাবাহিকতা ভেঙে সেই দুর্গে এবার হানা দিয়েছেন কিং খান শাহরুখ। না, এ বছর ঈদে আসেনি সাল্লুর নতুন কোনো ছবি। তবু লড়াই একটা আছে। ইদানীং কিং খানের বলিউড বক্স অফিসে যা রেকর্ড, তাতে সাল্লু খানের ছবি মুক্তি না পেলেও তাঁর ছবির রেকর্ড চেন্নাই এক্সপ্রেস ছুঁতে পারবে তো? সালমানের ছুড়ে দেওয়া এমন এক চ্যালেঞ্জ মাথায় নিয়েই রোহিত শেঠির পরিচালনায় চেন্নাই এক্সপ্রেস নিয়ে শাহরুখ খান এবার হাজির হয়েছেন ঈদের দিনেই। চেন্নাই এক্সপ্রেস-এ শাহরুখের সফরসঙ্গী আবারও দীপিকা পাড়ুকোন।
২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ওম শান্তি ওম-এর পর দীপিকা-শাহরুখ জুটির দ্বিতীয় ছবি চেন্নাই এক্সপ্রেস। নাম শুনেই আন্দাজ করা যায় ট্রেনের সঙ্গে দারুণ এক যোগসূত্র রয়েছে এই ছবির। ছবির গল্পে মুম্বাই থেকে চেন্নাইগামী চেন্নাই এক্সপ্রেস ট্রেনের যাত্রী হয় ৪০ বছর বয়সী ব্যাচেলর রাহুল (শাহরুখ খান)। দাদার মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা পূরণের জন্য রাহুল চেপে বসে এই চেন্নাই এক্সপ্রেসে। দক্ষিণ ভারতের এক পুণ্যস্থান রামেস্বরমে দাদার চিতাভস্ম নিবেদনের জন্য রাহুলের এই ট্রেনযাত্রা। সেই ট্রেনেই তামিল তরুণী মিনার (দীপিকা পাড়ুকোন) সঙ্গে পরিচয় হয় তার। এ সময় রাহুল জানতে পারে, মিনা আসলে এক মাফিয়া ডনের মেয়ে। ট্রেন ভ্রমণের সময়ে ঘটে যাওয়া সাসপেন্স, অ্যাডভেঞ্চার, অ্যাকশন আর মিষ্টি রোমান্সে ভরপুর ঘটনাগুলো নিয়ে এগিয়ে চলে ছবির কাহিনি।
পরিচালক রোহিত শেঠির জনপ্রিয় ‘গোলমাল’ সিরিজের ছবিগুলো দেখার পর তাঁর সঙ্গে কাজ করার আবদার করেছিলেন শাহরুখ। ‘বলিউড বাদশা’র আবদার বলে কথা, তাই তখন থেকেই শুরু হয়ে যায় শাহরুখের জন্য স্ক্রিপ্ট তৈরি করার কাজ। তবে স্ক্রিপ্ট তৈরি হলেও শাহরুখের বিপরীতে কাকে নেওয়া যায়, তা নিয়ে প্রথম দিকে বেশি দ্বিধায় ছিলেন নির্মাতা। রোহিত শেঠি তাঁর বেশ কয়েকটি ছবির নায়িকা কারিনা কাপুরকে নেওয়ার কথা ভেবেছিলেন। দক্ষিণী নায়িকা অসিনের কথাও মাথায় ছিল। কিন্তু শেষমেশ কপাল খোলে দীপিকার। দক্ষিণী টানে অদ্ভুত উচ্চারণে তাঁর মুখে হিন্দি সংলাপগুলো দর্শকদের ভিন্ন ধরনের আনন্দ দেবে। শাহরুখের সঙ্গে আবার অনেক দিন পর পর্দায় জুটি বেঁধে অভিনয়ের সুযোগ পেয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত দীপিকা। অন্যদিকে শাহরুখও বেশ কয়েক বছর পর দীপিকাকে নায়িকা হিসেবে পেয়ে বেশ খোশ মেজাজে কাজ করেছেন। জনপ্রিয় সংগীত পরিচালক জুটি বিশাল-শেখরের সংগীতায়োজনে ছবির গানগুলো এরই মধ্যে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। একই সঙ্গে সব রেকর্ড ভেঙে মুক্তির প্রথম দিনেই চেন্নাই এক্সপ্রেস আয় করেছে ৩৩ কোটি ১২ লাখ রুপি। সেদিক থেকে সালমান খানের এক থা টাইগার ও আমির খানের থ্রি ইডিয়টস-এর রেকর্ডও ভেঙে দিয়েছে শাহরুখের চেন্নাই এক্সপ্রেস। ভারতজুড়ে রেকর্ড তিন হাজার ৭০০ স্ক্রিনে ১০টি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। প্রচারের কথা মাথায় রাখলে চলতি বছর এটাই বলিউডের সবচেয়ে বড় ছবি।
চেন্নাই এক্সপ্রেস প্রসঙ্গে কিং খানভক্তদের বক্তব্য, শাহরুখ সবাইকে টেক্কা দিয়েছেন। শাহরুখ যে আজও বক্স অফিস কিং, সেটাও নাকি প্রমাণ করেছে এই ছবি। তবে ভক্তরা যা-ই বলুক, সিনে সমালোচকেরা এরই মধ্যে বেশ কিছু সমালোচনায় তাঁদের কলমের খোঁচায় ঠিকই কচুকাটা করেছেন এই ছবির আনাচকানাচ। কিন্তু যে যা-ই বলুন না কেন, বলিউডের মহাসাফল্যের নতুন মাপকাঠি ১০০ কোটির ক্লাবে এর মধ্যেই ঢুকে পড়েছে চেন্নাই এক্সপ্রেস। তবে ছবিটি সর্বকালীন বক্স অফিস রেকর্ড ভাঙতে পারবে কি না, সেটাই এখন আসল প্রশ্ন।
সাজিদুল হক
মুম্বাই মিরর, জিনিউজ, ইন্ডিয়া টাইমস, বলিউড হাঙ্গামা, আইএমডিবি ও উইকিপিডিয়া অবলম্বনে