চলছে গণজাগরণ মঞ্চের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, আবৃত্তি, নাটক, পথনাটক, লোকজ গান, চলচ্চিত্র, তথ্যচিত্র উপস্থাপনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে শাহবাগের গণজাগরণ মঞ্চের তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। গত রোববার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ আয়োজনের গতকাল ছিল দ্বিতীয় দিন।গতকাল সোমবার বিকেল পাঁচটা থেকে শুরু হয় অনুষ্ঠান। উদীচী, সাংস্কৃতিক ইউনিয়ন, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, অন্তর্ধনী, ভিকারুননিসা নূন স্কুল, বাক শিল্পাঙ্গন, নাগরিক নাট্যসম্প্রদায়, দেশ নাটক, সমগীত, ভাবনা, নন্দন কলাকেন্দ্র, দেশবাংলা থিয়েটার, নাট্যধারার শিল্পীরা এতে অংশ নেন। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সাংস্কৃতিক এ অনুষ্ঠানের আয়োজন করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। আজ শিশু বইমেলা শেষআজ মঙ্গলবার শেষ হচ্ছে শিশু একাডেমী আয়োজিত ১০ দিনের শিশু বইমেলা। জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী তাদের প্রাঙ্গণে ১৭ মার্চ থেকে এই মেলার আয়োজন করে। আজ সমাপনী দিনে মেলা চলবে ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। বেলা তিনটায় একাডেমীর শহীদ মতিউর মঞ্চে হবে মেলার সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাংসদ বেবী মওদুদ ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সভাপতিত্ব করবেন একাডেমীর চেয়ারম্যান শেখ আবদুল আহাদ। এ ছাড়া সমাপনী দিনের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে ছড়া-কবিতা পাঠ, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের আয়োজনে ঘুড়ি তৈরি ও উড্ডয়নবিষয়ক কর্মশালা। গতকাল সোমবার মেলার নবম দিনে শহীদ মতিউর মঞ্চে প্রিয় লেখকের সান্নিধ্য পর্বে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। শিশুদের সঙ্গে মজার মজার গল্প করেন আব্দুন নূর তুষার। আনিসুল হক বলেন, ‘আসলে আউট বই বলতে কিছু নেই। সব বই-ই ভালো, তবে পড়ার সময় প্রয়োজনীয় এবং ভালো বইগুলো বেছে নিতে হবে। আমরা ভালো বই পড়ব, সুন্দর কথা শিখব।’ এ ছাড়া ছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় অনুসন্ধিৎসু চক্রের আয়োজনে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা। সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে স্বাধীনতা উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান ছিল গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে। ‘এখনো ঘাতক বিক্ষত করে সোনার বাংলাদেশ’—এই স্লোগান ধারণ করে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। অনুষ্ঠানের শুরুতে দলীয় সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী এবং সুর সাগর।দলীয় আবৃত্তি পরিবেশন করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র। একক আবৃত্তি পরিবেশন করেন অলোক বসু এবং মাসুদুজ্জামান। নৃত্য পরিবেশন করে নৃত্য শ্রীর শিল্পীরা। কেন্দ্রীয় খেলাঘর আসর পরিবেশন করে দলীয় সংগীত। একক সংগীত পরিবেশন করেন বুলবুল ইসলাম ও মামুন। পথনাটক করে নাটক দল নাটনন্দন। এ ছাড়া গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান ছিল ধানমন্ডি রবীন্দ্রসরোবরে। এখানে দলীয় সংগীত পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, স্বাধিকার ও পঞ্চভাস্বর। ধ্রুব শিশু-কিশোর সংগঠন ও কেন্দ্রীয় খেলাঘর আসর দলীয় সংগীত পরিবেশন করে।