চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পৃথিবীর সীমানা আমাদের সৃজন দিগন্ত’—এই শিরোনামে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০১২। ১৩ দিনব্যাপী এই নাট্যোৎসবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র (টিএসসি) এখন সাত রঙের সমাহারে বর্ণিল।নাট্যোৎসব উদ্যাপনের সাত বছরকে মহিমান্বিত করতে এবার যেমন সাত রংকে বেছে নেওয়া হয়েছে, তেমনই উদ্বোধনী পর্বেও ছিল সেই সাত বছরকে প্রকাশের চেষ্টা। সপ্তম বর্ষকে ইঙ্গিত করে সাতটি রঙিন ফানুস উড়িয়ে এবং মশাল প্রজ্বালনের মাধ্যমে ২৩ নভেম্বর সন্ধ্যা ছয়টায় এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরীন আহমাদ।উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রযোজনায় নাটক প্রথম পার্থ। নাট্যোৎসবে মোট ১৭ জন নির্দেশকের ১৭টি নাটক মঞ্চস্থ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ছাড়াও এই উৎসবে নাটক মঞ্চস্থ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। তবে এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ইতালির মুতামেন্তি থিয়েটার কোম্পানির নাটক দ্য বান্ডিসটস কুইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী-নির্দেশকের প্রযোজনা।এ ছাড়া উৎসবের আরেকটি আকর্ষণীয় পর্ব ছিল ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে লেকচার ডেমনস্ট্রেশন। বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে এই লেকচার ডেমনস্ট্রেশনের আয়োজন করা হয়েছিল ২৮ নভেম্বর সকাল নয়টায়।উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের পুরো আঙিনা এখন নাট্যকর্মীদের পদভারে সরগরম। মিলনায়তনের প্রবেশপথ থেকে শুরু করে পুরো চত্বরে শোভা পাচ্ছে রংধনুর সাজে সজ্জিত এক উৎসবমুখর পরিবেশ।এই আয়োজন সম্পর্কে দর্শকদের অভিমত হলো, আগের তুলনায় এবার একটু বেশি দৃষ্টি আকর্ষণ করেছে উৎসবটি। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।