চলছে থিয়েটারের নাট্যোৎসব ২০১০
কলকাতার নাটক বরাবরই বাংলাদেশের দর্শকের মনে কৌতূহল সৃষ্টি করে। এক ভাষা, একই প্রাণের চাওয়া—তাই নাটকের মধ্যে যে আহ্বান, তাও হবে এক ও অভিন্ন। ঢাকার মঞ্চে যেকোনো নাটকের উৎসবে কলকাতা কিংবা ত্রিপুরার বাংলা ভাষাভাষীর নাটক অনেক আগে থেকেই হয়ে আসছে। এটা তো দর্শকের আগ্রহের কারণেই হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র রাশেদুল হাসানের আগ্রহ তেমনই। ‘কলকাতার নাটকের এক পারিবারিক আবেগ কাজ করে সব সময়ই। তাদের নাটকের পারিবারিক বিষয়টি খুব বেশি ধরা দেয়। যেন এ বাংলার মধ্যবিত্ত পরিবারের সঙ্গে গল্প একাকার হয়ে যায়। আমার এ ধরনের নাটক ভালো লাগে। আজ এ কারণেই নাটক দেখতে আসা।’ বলছিলেন তিনি। এদিন কলকাতার অন্যপেশা নাট্যনেশা দলের নাটক ভাইরাস-ই ভূত নাটকটির গল্প এমনই ছিল। হূদয়পুর গ্রামের জমিদারবাড়ির গল্প নিয়ে নাটকটির কাহিনি এগিয়ে যায়। সেই জমিদারবাড়ির শানশওকত এখন নেই। পরিবারের কেউ জমিদারবাড়ির স্মৃতিকে ধরে বেঁচে থাকতে চাই—কেউ বা আবার স্মৃতিটুকু মুছে দিয়ে অন্যের কাছে বিক্রি করে দিতে চায়। এই টানাপোড়েন হূদয়পুরের বাতাসকে ভারী করে তোলে। এদিন ছিল ২৩ অক্টোবর থিয়েটার আয়োজিত উৎসবের প্রথম দিন। সম্ভবত শীতের আগমনী বার্তা যেন এই উৎসবই বলে দিচ্ছে। শীতের শুরু থেকেই ঢাকার মঞ্চ একাধিক নাট্যোৎসবের আমেজে ভরে যায়। তবে থিয়েটার আয়োজিত উৎসবের দর্শকের আমেজ দিয়ে শুরু হলেও নিজেদের আয়োজনের আমেজটা ঠিক জুতসই ছিল না। এ ধরনের উৎসবে জাতীয় নাট্যশালা নানা বৈচিত্র্য সাজে সাজানো হয়। শুরুর দিনটায় তেমন আয়োজন না থাকলেও দ্বিতীয় দিন থেকে নাট্যশালার গা ঘেঁষে রংবেরঙের কাগজের ফুলে কিছুটা পূর্ণতা পেয়েছে উৎসব। তবে থিয়েটারের কর্মীদের পোশাক-আশাকেও উৎসবের আলাদা কোনো ঢং দেখা যায়নি। তবে আশানুরূপ দর্শক অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবটি এগিয়ে যাচ্ছে।উৎসবের দ্বিতীয় দিন কলকাতার একই দলের আব্বুলিশ নাটকেও দর্শকের আগ্রহের কমতি ছিল না। তবে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের উৎসবে দর্শকের অংশগ্রহণ বেড়ে যায়। সেই দিক থেকে উৎসবের তৃতীয় দিন উৎসবটিকে আরও ভরপুর করে তোলে লোক নাট্যদলের কঞ্জুস নাটকটি। এদিন নাট্যশালার মূল মিলনায়তনে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেকেই দাঁড়িয়ে নাটকটি উপভোগ করেছেন। একাধিকবার দেখেছেন এমন দর্শকও নাটকটি দিয়ে উৎসবে অংশ নেন। মগবাজারের সঞ্জয় মজুমদার তাঁর স্ত্রী ও ছোট্ট দুই সন্তান নিয়ে নাটকটি দেখতে এসেছিলেন। ফিরে যাওয়ার সময় নাট্যশালার লবিতে দাঁড়িয়ে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বললেন, ‘এর আগে আমি অন্তত পাঁচবার নাটকটি দেখেছি। যতবারই দেখি ততবারই ভালো লাগে। নাটকটিতে অনেক মজা পাই। এবার আমার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নাটকটি দেখতে এসেছিলাম। ওরা এবারই নাটকটি প্রথম দেখল।’ উৎসবের পঞ্চম দিন মঞ্চস্থ হয় নিজ দল থিয়েটার আরামবাগের নাটক জন্মসূত্র পরীক্ষণ থিয়েটার হলে। তার আগের দিন উৎসবের চতুর্থ দিন কোনো নাটক না থাকলেও নাটক সরণিতে অবস্থিত নিজ কার্যালয়ে ‘মঞ্চনাটক সমকালীন প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ পরীক্ষণ থিয়েটারে থাকছে সময় সাংস্কৃতিক গোষ্ঠীর নাটক শেষ সংলাপ। আগামীকাল উৎসবের সমাপনী দিন। এদিন পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে থিয়েটার আরামবাগের নাটক বলদ। ‘জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে’ স্লোগান নিয়ে জাতীয় নাট্যশালার মূল মঞ্চে ২৩ অক্টোবর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। প্রদীপ বণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী। প্রধান অতিথির ভাষণে দীপু মনি বলেন, পৃষ্ঠপোষকতা ছাড়া ভালো কিছু করা সম্ভব নয়। বর্তমান সরকার সংস্কৃতি বিষয়ে বিশাল বাজেট রেখেছে। ভবিষ্যতে সংস্কৃতির ক্ষেত্রে এ সরকার আরও এগিয়ে আসবে। তিনি ভারতসহ দেশের বাইরে নাট্যদলগুলোর জন্য ভিসা-শর্ত আরও শিথিল করার কথা অনুষ্ঠানে ঘোষণা করেন। বিশেষ অতিথির ভাষণে কামাল লোহানী বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মঞ্চনাটক সবচেয়ে বিকশিত মাধ্যম। যেখানে অন্যায় অবিচার, সেখানেই নাট্যকর্মীরা এগিয়ে গেছেন। স্বাধীনতার এত পথ পাড়ি দিয়ে এসেও স্বাধীনতাবিরোধীরা নানা কৌশলে নানা নামে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। নাট্যকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। প্রয়োজনে আরও একটি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।’ লিয়াকত আলী লাকী বলেন, মেধা-মনন, শৈল্পিক চেতনাবোধ দিয়ে প্রায় ৪০ বছর ধরে নাট্যকর্মী, দর্শক এই মঞ্চনাটক টিকিয়ে রেখেছেন।’ তিনি বলেন, ‘আমাদের নাটক গ্রামে গ্রামে নিয়ে যেতে হবে। জাপানে প্রতিটি গ্রামে তিনটি করে নাটকের মঞ্চ আছে। সেই অবস্থায় আমাদেরও ফিরে যেতে হবে। তাই নাটক শুধু রাজধানী বা অন্য শহরে না, গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের মধ্যে নিয়ে যেতে হবে। তা না হলে আমাদের স্বাধীনতার সুফল দেশবিরোধী চক্রান্তকারীরা ছিনিয়ে নেবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাট্যজনের কেরামত মওলা, থিয়েটার আরামবাগের সাধারণ সম্পাদক রেজাউল একরাম রাজু, উৎসব কমিটির আহ্বায়ক অশোক রায় নন্দী।